ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ শিক্ষা ]

প্রত্যেক শিক্ষার্থীকে সুনাগরিক হিসেবে গড়তে হবে: ড. মশিউর

শিক্ষাঙ্গন প্রতিবেদক
প্রকাশিত: ১৪:৫৮, ৬ মার্চ ২০২২
প্রত্যেক শিক্ষার্থীকে সুনাগরিক হিসেবে গড়তে হবে: ড. মশিউর
নটর ডেম কলেজে নবীন বরণ অনুষ্ঠান- ২০২২ এ প্রধান অতিথি ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. মশিউর রহমান।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. মশিউর রহমান বলেছেন, দেশমাতৃকার তৃষ্ণা মেটাতে প্রত্যেক শিক্ষার্থীকে কৃষ্টি-সংস্কৃতি চর্চা এবং নিয়মিত অধ্যবসায়ের মাধ্যমে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। এর মধ্যদিয়ে বিশ্বের বুকে মর্যাদাবান রাষ্ট্র হিসেবে সুপ্রতিষ্ঠিত হবে বাংলাদেশ। 

শুক্রবার (৪ মার্চ) রাজধানীর নটর ডেম কলেজে নবীন বরণ অনুষ্ঠান- ২০২২ এ প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন উপাচার্য। 

উপাচার্য ড. মশিউর রহমান বলেন, তোমরা বর্তমানে ডিজিটাল ওয়ার্ল্ডে বসবাস করো। তোমাদের হাতে হাতে মুঠোফোন। ইউটিউব, ফেইসবুক এ তোমরা বন্ধুত্ব খোঁজো। আমি এসবের বিরুদ্ধে নই। কারণ তোমাদের মধ্যে বন্ধুত্বের তৃষ্ণা আছে। মায়ের ভালোবাসা পাওয়ার তৃষ্ণা আছে। তোমাদের মধ্যে সাহচার্য পাওয়ার তাড়না আছে। মনে রেখো এই প্রতিষ্ঠানেরও একটা তৃষ্ণা আছে। এই প্রতিষ্ঠানের তৃষ্ণা হচ্ছে- তুমি এখানে পড়া-শোনা শেষ করে সফল মানুষ, ভালো মানুষ, মানবিক মানুষ হবে। 

উপাচার্য বলেন, গোটা বাংলাদেশটাইতো আমরা অসাম্প্রদায়িক চেতনার চারণ ভূমি চাই। এটি আমার দেশের তৃষ্ণা। সুতরাং তোমাদের কাছে আমার অনুরোধ থাকবে- ভাষার ব্যবহারে, কৃষ্টির চর্চায়, সংস্কৃতির চর্চায়, বিজ্ঞান ভাবনায়, মুক্ত চিন্তায়-সব কিছুতে যেন এই দেশটাকে আমরা ভরিয়ে দিতে পারি। এই দেশমাতৃকা ৩০ লাখ শহিদের রক্তের বিনিময় পাওয়া। আমাদের দুই লক্ষ মা-বোনের সম্ভ্রমহানির বিনিময়ে এই সুন্দর দেশ পেয়েছি। তাদের প্রতি আমাদের রক্তঋণ আছে। তোমরা আগামী দিনের বিজ্ঞানমনস্ক চিন্তায়, অধ্যবসায়, লেখা-পড়ার চর্চার পাশাপাাশি সহশিক্ষায় নেশাতুর হয়ে উঠো। তার মধ্যদিয়েই আগামীর বাংলাদেশ আমরা গড়বো। তোমাদের হাত ধরে একটি আদর্শনিষ্ঠ মানবিক বাংলাদেশ তৈরি হবে।

উপাচার্য আরও বলেন, আমরা কোনো ধনী বড়লোক রাষ্ট্রর হতে চাই না। যেই রাষ্ট্র আচমকা এক রাষ্ট্রর উপর রকেট হামলা করে ধ্বংস করে দেয়। আমরা মানবিক বাংলাদেশ হতে চাই, যেই দেশ লাখো শরণার্থীকে আশ্রয় দেয়। যেখানে আমাদের পতাকার মর্যাদা উচ্চকিত হবে। তাহলেই ৩০ লাখ শহিদের রক্তঋণে আবদ্ধ হতে পারবো। তাদের আত্মা শান্তি পাবে।

নটর ডেম কলেজের অধ্যক্ষ ড. ফাদার হেমন্ত পিউস রোজারিও পিএসসির সভাপতিত্বে নবীন বরণ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট নাট্যজন ও চিত্রপরিচালক গাজী রাকায়েত, জাতীয় নাক, কান, গলা ইনস্টিটিউটের পরিচালক প্রফেসর ড. মো. আবু হানিফ, ছাত্র পরিচালক ফাদার আন্তনী সুশান্ত গমেজসহ নবীন শিক্ষার্থী, অভিভাবকসহ কলেজের শিক্ষকবৃন্দ। 

অনুষ্ঠান শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়। 

ডেইলি-বাংলাদেশ/জেডএম
লিংক সফলভাবে কপি হয়েছে!