শাবিপ্রবিতে ঈদের ছুটি শুরু
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বুধবার (৬ জুলাই) থেকে ছুটি শুরু হয়েছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি)। আগামী ১৬ জুলাই (শনিবার) পর্যন্ত এ ছুটি চলবে।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মুহাম্মদ ইশফাকুল হোসেন মঙ্গলবার (৫ জুলাই) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন।
তিনি গণমাধ্যমে বলেন, ‘ঈদুল আজহা উপলক্ষে ৬ জুলাই ছুটি শুরু হবে। ছুটি থাকবে ১৪ জুলাই পর্যন্ত। তবে পরের দুদিন (শুক্রবার ও শনিবার) সাপ্তাহিক ছুটি হওয়ায় রোববার (১৭ জুলাই) থেকে বিশ্ববিদ্যালয়ের দাপ্তরিক ও একাডেমিক কার্যক্রম যথারীতি শুরু হবে।
এদিকে, সিলেটে বন্যা পরিস্থিতি বিবেচনায় গত ২৬ জুন বিশ্ববিদ্যালয়ের জরুরি সিন্ডিকেট সভায় বিভিন্ন বিভাগের সেমিস্টার ফাইনাল ও সশরীরে ক্লাস স্থগিত ঘোষণা করা হয়। ঈদের পর আবারো সেমিস্টার ফাইনাল ও ক্লাস কার্যক্রম শুরু হবে।
ঈদের ছুটি শেষ হওয়ার পর পরিস্থিতি স্বাভাবিক থাকলে বাকি থাকা সেমিস্টার ফাইনাল পরীক্ষাগুলো শুরু হবে। তবে সময়সূচি স্ব স্ব বিভাগ থেকে জানিয়ে দেওয়া হবে।
সিন্ডিকেটের এমন সিদ্ধান্ত এরই মধ্যে রেজিস্টার স্বাক্ষরিত এক অফিস আদেশের মাধ্যমে সংশ্লিষ্ট সবাইকে জানিয়ে দেওয়া হয়েছে।