ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

এক যুগ পর মাউশির অধীনস্থ ১৭৮ কর্মচারীকে পদোন্নতি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২১:৪৭, ২৭ ডিসেম্বর ২০২২
এক যুগ পর মাউশির অধীনস্থ ১৭৮ কর্মচারীকে পদোন্নতি
ফাইল ফটো

দীর্ঘ এক যুগ পর মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের (মাউশি) অধীনস্থ ১৭৮ জন কর্মচারীকে পদোন্নতি দেওয়া হয়েছে। ১৯তম ও ২০তম গ্রেডে পদোন্নতি পাওয়া এসব কর্মচারীরা সারাদের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও দফতর-সংস্থায় কর্মরত রয়েছেন। 

মঙ্গলবার এ নির্দেশনা জারি করেছে মাউশি। এ পদোন্নতি আজ (মঙ্গলবার) থেকেই কার্যকর হবে। এ কারণে পদায়িত কর্মস্থলে যোগদানের জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে।

মাউশির নির্দেশনায় বলা হয়, মাউশির অধীনস্থ ১৯তম গ্রেডে ৬০ জন ও ২০তম গ্রেডে ১১৮ জনকে পদোন্নতি দেওয়া হয়েছে। কর্মচারী নিয়োগ বিধিমালা-২০২১ ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের গঠিত বিভাগীয় নির্বাচন কমিটির গত ৩ ডিসেম্বর অনুষ্ঠিত সভায় সুপারিশ মোতাবেক প্রশাসনিক অনুমোদক্রমে মাউশি এবং অধিদফতরাধীন বিভিন্ন অফিস/শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত কর্মচারীদের নতুন পদে পদায়ন করা হয়েছে।

Advertisement

আরো বলা হয়, পদোন্নতিপ্রাপ্ত কর্মচারীরা এ আদেশ আগামী ২৭ ডিসেম্বর কার্যকর হবে। পদায়িত কর্মস্থলে যোগদানের জন্য সংশ্লিষ্টদের নির্দেশ প্রদান করা হয়েছে। পদোন্নতি/পদায়নের এ আদেশে পরবর্তীতে কোনো ভুল-ত্রুটি পরিলক্ষিত হলে কর্তৃপক্ষ বিধি অনুযায়ী তা বাতিল অথবা সংশোধন করার অধিকার সংরক্ষণ করে। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে ও জনস্বার্থে এ আদেশ জারি করা হয়েছে। 

পদোন্নতি পাওয়া একাধিক কর্মচারী জানান, দীর্ঘ ১৫-২০ বছর ধরে মাউশির অধীনস্থ কর্মচারীদের পদোন্নতি স্থগিত ছিল। মামলাজনিত কারণ ও দায়িত্বরত কর্মকর্তাদের অবহেলায় বিচ্ছিন্নভাবে কয়েকজনকে পদোন্নতি দেওয়া হয়েছে। সে কারণে এক স্থানে যুগ পার হলেও অধিকাংশ কর্মচারীরা পদোন্নতি বঞ্চিত ছিলেন। বর্তমান প্রশাসনের এমন সিদ্ধান্তে তারা সন্তোষ প্রকাশ করেন।

ডেইলি-বাংলাদেশ/এমআরকে
ট্যাগ: মাউশি
লিংক সফলভাবে কপি হয়েছে!