ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আইন-আদালত ]

প্রশ্নফাঁস: মাউশি কর্মকর্তা মিল্টন কারাগারে

নিজস্ব প্রতিবেদক  
প্রকাশিত: ১৬:৩১, ২৭ জুলাই ২০২২
প্রশ্নফাঁস: মাউশি কর্মকর্তা মিল্টন কারাগারে
ছবি: সংগৃহীত

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা (মাউশি) অধিদফতরে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসের মামলায় রিমান্ড শেষে চন্দ্র শেখর হালদার ওরফে মিল্টনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

বুধবার ঢাকা মহানগর হাকিম বেগম শুভ্রা চক্রবর্তীর আদালত এ আদেশ দেন।

সংশ্লিষ্ট আদালতের সাধারণ নিবন্ধন শাখার এসআই মো. হেলাল উদ্দিন বিষয়টি জানিয়েছেন।

Advertisement

এদিন রিমান্ড শেষে তাকে আদালতে হাজির করা হয়। এরপর মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের (ডিবি) তেজগাঁও জোনাল টিমের এসআই সুকান্ত বিশ্বাস আসামিকে কারাগারে আটক রাখার আবেদন করেন। আসামিপক্ষের আইনজীবী মো. আবু হানিফ তার মক্কেলের জামিন আবেদন করেন। তবে শুনানির জন্য সময় চান তিনি। এরপর আদালত তাকে কারাগারে পাঠিয়ে বৃহস্পতিবার জামিন শুনানির দিন ধার্য করেন।

এর আগে, ২৫ জুলাই আসামিকে আদালতে হাজির করা হয়। এরপর মামলার তদন্ত কর্মকর্তা আসামির সাতদিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। আসামিপক্ষের আইনজীবী মো. আবু হানিফ রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করেন। উভয়পক্ষের শুনানি শেষে আদালত তার একদিনের রিমান্ড মঞ্জুর করেন।

তার আগে, ২৪ জুলাই রাতে রাজধানীর সেগুনবাগিচা থেকে চন্দ্র শেখর হালদারকে গ্রেফতার করে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। মাউশিতে ৫১৩টি পদে নিয়োগের জন্য রাজধানীর ৬১টি কেন্দ্রে গত ১৩ মে নিয়োগ পরীক্ষা নেয়া হয়। এ নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় লালবাগ থানায় মামলা হয়। ইডেন মহিলা কলেজের শিক্ষক আবদুল খালেক বাদী হয়ে মামলাটি করেন।

মামলায়  উল্লেখ করা হয়, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে পরীক্ষা শুরু হয় বেলা ৩টায়। পরীক্ষাকেন্দ্র থেকে সুমন জোয়াদ্দার নামের এক পরীক্ষার্থীকে গ্রেফতার করা হয়। জিজ্ঞাসাবাদে সুমন জোয়াদ্দার জানান, হোয়াটসঅ্যাপের মাধ্যমে বেলা ২টা ১৮ মিনিটে তার মুঠোফোনে পটুয়াখালীর সাইফুল ও টাঙ্গাইলের খোকন উত্তরপত্র পাঠান।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
ট্যাগ: মাউশি
লিংক সফলভাবে কপি হয়েছে!