ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

ঢাবির প্রলয় গ্যাংয়ের দুই সদস্য সাময়িক বহিষ্কার

শিক্ষাঙ্গন ডেস্ক
প্রকাশিত: ২০:২৮, ২৮ মার্চ ২০২৩
ঢাবির প্রলয় গ্যাংয়ের দুই সদস্য সাময়িক বহিষ্কার
ফাইল ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ক্যাম্পাসভিত্তিক প্রলয় গ্যাংয়ের দুই সদস্যকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। এরা হলেন- মো. সাকিব ফেরদৌস ও মো. নাইমুর রহমান দুর্জয়।

মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি ক্ষুণ্ণ, অসদাচরণ ও শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে এ দুই শিক্ষার্থীকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সাময়িকভাবে বহিষ্কারের অনুমোদন দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান এদিন এ অনুমোদন দেন।

Advertisement

বহিষ্কৃতদের মধ্যে মো. নাইমুর রহমান দুর্জয় নৃবিজ্ঞান বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। আর মো. সাকিব ফেরদৌস অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

এদিকে বহিষ্কৃতদের ‘ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না’ তা পত্রপ্রাপ্তির সাত কার্যদিবসের মধ্যে জানাতে বলা হয়েছে।

গত শনিবার রাতে বিশ্ববিদ্যালয়ের কবি জসীমউদ্‌দীন হলের সামনে জোবায়ের নামে এক ছাত্রকে পেটান অভিযুক্ত শিক্ষার্থীরা। ভুক্তভোগী শিক্ষার্থী স্যার এ এফ রহমান হলের ছাত্র এবং অপরাধবিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। অভিযুক্ত ছাত্ররাও একই বর্ষের। 

তারা ‘প্রলয়’ নামে ক্যাম্পাসভিত্তিক একটি গ্যাংয়ের সদস্য। এ গ্যাংয়ের সদস্যরা নিয়মিত মাদক সেবন, ছিনতাই-চাঁদাবাজিসহ বিভিন্ন অপকর্মে জড়িত বলে জানা গেছে।

ডেইলি-বাংলাদেশ/জেডআর
ট্যাগ: ঢাবি
লিংক সফলভাবে কপি হয়েছে!