টিকিট পাবার ভোগান্তিটা এবার নেই
ডিসেম্বরের ছুটি শেষে ক্যাম্পাসে এসে প্রায় তিন মাস পর বাড়ি যাচ্ছি, বাড়ি দূরে হওয়ার কারণে অনেকদিন পরপর বিশেষ কোনো ছুটিতেই বাড়ি ফেরা হয়। আর প্রতিবারই বাড়ি ফেরার সময় একটা শান্তি অনুভব করি। নিজের জায়গায় ফিরে যাওয়ার আনন্দটাই যেন অন্যরকম। আর এক্ষেত্রে আমার কাছে ট্রেনের চেয়ে ভালো ভ্রমণ হয় না।
টিকেট স্বল্পতার কারণে প্রতিবছর টিকিট পেতে যে ভোগান্তিটা হত সেটা এবার নেই। কারণ, শতভাগ টিকেটই অনলাইনের মাধ্যমেই পাওয়া যাচ্ছে। সব মিলিয়ে এবারে ইদের ছুটির দিনগুলো ভালো যাবে এই আশায় আছি।
.png)
নিয়ামুল হাসান, গণিত বিভাগ, হাবিপ্রবি
টিকেট পেয়ে ঝামেলামুক্ত মনে হচ্ছে
আজই টিকিট কাটলাম। প্রতিবার টিকিট কাটা নিয়ে অনেক ঝামেলা পোহাতে হতো। বিশেষ করে ছুটির সময় টিকিট না পেলে হতাশায় ভুগতে হতো। কিন্তু এইবার ১০ দিন আগেই টিকিট কাটতে পেরেছি। তাই এইদিক থেকে নিজেকে অনেকটাই ঝামেলামুক্ত মনে হচ্ছে। পরীক্ষার চাপ থেকে কিছুদিন মুক্তি পাব, আর দীর্ঘদিন পর বাড়ি যাওয়ার আনন্দ ভাষায় প্রকাশ করা যাচ্ছে না। বাবা-মা-বোনের সঙ্গে ঈদ পালন করার অনুভূতিটা সেরা।
লিমা শেখ, গণিত বিভাগ, হাবিপ্রবি
ট্রেনে একজন স্পেশাল কাউকে খুঁজছি
এবার ১০দিন আগেই ট্রেনের টিকেট পাওয়া যাচ্ছে। আমিও ১২ তারিখ রাত্রের টিকেট পেয়েছি। অন্যবারের মতো অনলাইনে টিকেট পেতে কোনো ভোগান্তিতে পরতে হয়নি এবার। আর ব্যক্তিগতভাবে যেকোনো ছুটিতে ট্রেনে করেই বাড়ি ফিরতে ভালো লাগে। তাই ইদের ছুটিতেও ট্রেন ভ্রমণের মাধ্যমেই বাড়ি ফিরব। অনেকদিন একাডেমিক পড়াশোনা নিয়ে ব্যস্ততার কারণে জীবন যেন নির্জীব হয়ে উঠেছে। এখন শুধু বাড়ি ফেরার আনন্দ কাজ করছে। তবে এবার যাত্রাসঙ্গী হিসেবে স্পেশাল কাউকে খুঁজছি। এবার ট্রেন ভ্রমণের রোমাঞ্চকর মুহূর্ত অনুভব করতে চাই।
নাজমুল হাসান, ডেভেলপমেন্ট স্টাডিজ
টিকেট পাওয়াটা যুদ্ধ জয়ের সমান
বাড়ি সম্পর্কে বলতে গেলে, বাড়ি এমন একটা জায়গা যা সাহারা মরুভূমির বুকে বটবৃক্ষের মত। যেখানে শান্তির নিঃশ্বাস মেলে। আসলে বাড়ি যাওয়ার অনুভূতিটা ভাষায় প্রকাশ করা যায় না, এটা শুধু অনুভব করা যায়। আর টিকেট পেয়েছি। টিকেট পাওয়াটা যুদ্ধ জয়ের চেয়ে কম কিছু না। এখন সব ক্লান্তির অবসান ঘটিয়ে বাড়ি ফেরার জন্য দিন গোনার সময়গুলো ভালোই কাটছে।
আহানাফ আসিফ, গণিত বিভাগ
আমার সুবিধামতো টিকিট কাটতে পেরেছি
ক্যাম্পাস থেকে বাসা অনেকটা দূরে। বড় ছুটি ছাড়া বাসায় যাওয়ার সুযোগ হয় না। আর ঈদের সময় সব ধরনের মানুষের ছুটি থাকার কারণে টিকিটের স্বল্পতা দেখা যায়। তবে এবার ট্রেন এর টিকিট ১০ দিন আগে থেকে বিক্রি হওয়ায় সবার জন্যই সুবিধা হয়েছে। যারা ট্রেনে যাবে, সবাই সবার সুবিধামতো তাদের টিকিট কাটতে পারছেন।
অনলাইনে পর্যাপ্ত পরিমাণে টিকিট থাকায় কারো টিকিট পেতে সমস্যা হচ্ছে না। আমার ট্রেন ভ্রমণ পছন্দ, তাই আমার সুবিধা মতো খুব সহজেই ট্রেনের টিকিট কাটতে পেরেছি। এখন শুধু দিন গুনছি, কখন সেই সময় আসবে, আর আমি বাসায় যাব।
বাহার ইকবাল অনিক, অর্থনীতি বিভাগ