বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান পরীক্ষাকেন্দ্র পরিদর্শন করেন। এ সময় সঙ্গে ছিলেন, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল, কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ, চারুকলা অনুষদের ডিন ও ‘চারুকলা ইউনিট' ভর্তি পরীক্ষার সমন্বয়কারী অধ্যাপক নিসার হোসেনসহ সংশ্লিষ্টরা।
শনিবার ভর্তি পরীক্ষার কলাভবন কেন্দ্র পরিদর্শন শেষে ঢাবি উপাচার্য ড. মো. আখতারুজ্জামান বলেন, আমরা কলাভবন কেন্দ্র পরিদর্শন করে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলছি। প্রশ্নের গুণগত মান ও সার্বিক পরিবেশে তারা সন্তোষ প্রকাশ করল। আজ চারুকলা অনুষদে শিক্ষার্থী কম হওয়ায় সার্বিক পরিবেশ খুবই ভালো। আমরা আশা করবো, সামনের দিনগুলোতেও পারিপার্শ্বিক অবস্থা ভালো থাকবে। এক্ষেত্রে সব মহলের সহযোগিতা একান্ত কাম্য। বিগত বছরগুলোতে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যেভাবে সুশৃঙ্খলভাবে পরীক্ষা নিয়েছে এবারো সেভাবে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।
.png)
ঘোষিত সময়সীমা অনুযায়ী, আজ (২৯ এপ্রিল) চারুকলা ইউনিটের (সাধারণ জ্ঞান ও অঙ্কন) পরীক্ষার মধ্য দিয়ে শুরু হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এবারের ভর্তি পরীক্ষা। আগামী ৬ মে কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট, ১২ মে বিজ্ঞান ইউনিট এবং ১৩ মে অনুষ্ঠিত হবে ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষা। সংশ্লিষ্ট ইউনিটের পরীক্ষা শুরুর এক ঘণ্টা আগ পর্যন্ত ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড করা যাবে।
প্রতিটি ইউনিটের পরীক্ষা বেলা ১১টায় শুরু হয়ে চলবে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত। ‘চারুকলা ইউনিট’ ব্যতীত অন্য তিনটি ইউনিটের ভর্তি পরীক্ষা গতবারের মতো ঢাকাসহ আটটি বিভাগীয় শহরে অনুষ্ঠিত হবে।