এছাড়া ৬ মে (শনিবার) কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট, ১২ মে (শুক্রবার) বিজ্ঞান ইউনিট এবং ১৩ মে (শনিবার) ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
ঢাবি সূত্রে জানা গেছে, ভর্তি পরীক্ষার প্রবেশপত্র সংশ্লিষ্ট ইউনিটের পরীক্ষা শুরুর এক ঘণ্টা আগ পর্যন্ত ডাউনলোড করা যাবে। প্রতিটি ইউনিটের পরীক্ষা বেলা ১১টায় শুরু হয়ে চলবে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত। ‘চারুকলা ইউনিট’ ব্যতীত অন্য তিনটি ইউনিটের ভর্তি পরীক্ষা গতবারের মতো ঢাকাসহ আটটি বিভাগীয় শহরে অনুষ্ঠিত হবে।
.png)
বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি অফিসের তথ্যানুযায়ী, ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তির জন্য এবছর ২ লাখ ৯৮ হাজার ৪২৯ জন প্রার্থী আবেদন করেছেন। সে অনুযায়ী ৪টি ইউনিটে ৫ হাজার ৯৬৫ আসনের বিপরীতে প্রতিটি আসনের জন্য লড়বেন প্রায় ৫০ শিক্ষার্থী।
এবার ঢাবির সর্বমোট ৫ হাজার ৯৬৫ আসনে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এর মধ্যে বিজ্ঞান ইউনিটে মোট আসন সংখ্যা ১ হাজার ৮৫১টি। এর মধ্যে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য ১ হাজার ৭৭৫টি, মানবিক ও বাণিজ্য বিভাগের শিক্ষার্থীদের জন্য যথাক্রমে ৫১ এবং ২৫টি আসন বরাদ্দ রয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটে মোট আসন সংখ্যা ২ হাজার ৯৩৪টি। এর মধ্যে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য ৯০৮টি, মানবিক ও বাণিজ্য বিভাগের শিক্ষার্থীদের যথাক্রমে জন্য ১ হাজার ৭৪৪টি ও ২৮২টি আসন বরাদ্দ রয়েছে।
ব্যবসায় শাখা ইউনিটে মোট আসন সংখ্যা ১ হাজার ৫০টি। এর মধ্যে বিজ্ঞান, মানবিক, বাণিজ্য বিভাগের শিক্ষার্থীদের জন্য যথাক্রমে ৯৫টি, ২৫টি এবং ৯৩০টি আসন বরাদ্দ রয়েছে। আর চারুকলা ইউনিটে মোট আসন সংখ্যা ১৩০টি।
নিরাপত্তাসহ সার্বিক বিষয়ে ঢাবির প্রক্টর অধ্যাপক ড. মাকসুদুর রহমান বলেন, পরীক্ষা চলাকালীন ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কঠোর অবস্থানে থাকবে। কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটার সম্ভাবনা নেই।