ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

প্রাথমিকে নিয়োগে প্রথম ধাপের পরীক্ষা ৮ ডিসেম্বর

শিক্ষাঙ্গন ডেস্ক
প্রকাশিত: ২১:৩৭, ৩০ নভেম্বর ২০২৩
প্রাথমিকে নিয়োগে প্রথম ধাপের পরীক্ষা ৮ ডিসেম্বর
ফাইল ফটো

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে প্রথম ধাপের নিয়োগ পরীক্ষা আগামী ৮ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। এ ধাপে রংপুর, বরিশাল ও সিলেট বিভাগের পরীক্ষার্থীরা নিজ নিজ জেলার কেন্দ্রে পরীক্ষা দেবেন।

বৃহস্পতিবার প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালক শাহ রেজওয়ান হায়াতের সই করা এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়েছে। এতে ২ ডিসেম্বর থেকে প্রবেশপত্র ডাউনলোডের নির্দেশনা দেওয়া হয়েছে। 

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে নিয়োগের লক্ষ্যে লিখিত পরীক্ষা আগামী ৮ ডিসেম্বর সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত আবেদনকারীদের নিজ নিজ জেলায় অনুষ্ঠিত হবে। পরীক্ষার্থীদের অবশ্যই সকাল ৯টার মধ্যে কেন্দ্রে প্রবেশ করতে হবে।

Advertisement

আরো উল্লেখ করা হয়, প্রার্থীদের আবেদনে উল্লেখিত মোবাইল নম্বরে যথাসময়ে ০১৫৫২১৪৬০৫৬ নম্বর থেকে প্রবেশপত্র ডাউনলোডের এসএমএস পাঠানো করা হবে। আগামী ৮ ডিসেম্বর অনুষ্ঠিতব্য প্রথম ধাপের পরীক্ষার জন্য প্রার্থীরা ২ ডিসেম্বর থেকে প্রবেশপত্র ডাউনলোড করে রঙিন প্রিন্ট কপি সংগ্রহ করতে পারবেন।

এক্ষেত্রে admit.dpe.gov.bd-এ ওয়েবসাইটে ঢুকে ইউজারনেম এবং পাসওয়ার্ড দিয়ে অথবা এসএসসির রোল, বোর্ড ও পাসের সন দিয়ে লগইন করে প্রবেশপত্র ডাউনলোড করা যাবে।

পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রার্থীদের অবশ্যই ডাউনলোড করা প্রবেশপত্রের রঙিন প্রিন্ট এবং নিজের জাতীয় পরিচয়পত্র (এনআইডি/স্মার্ট কার্ড) সঙ্গে আনতে হবে। ওএমআর শিট পূরণের নির্দেশাবলি এবং পরীক্ষা সংক্রান্ত অন্যান্য তথ্য প্রবেশপত্রে উল্লেখ থাকবে।

এদিকে অন্যবারের মতো এবারো পরীক্ষাকেন্দ্রে কোনো বই, উত্তরপত্র, নোট বা অন্য কোনো কাগজপত্র, ক্যালকুলেটর, মোবাইল ফোন, ভ্যানিটি ব্যাগ, পার্স, হাতঘড়ি বা ঘড়িজাতীয় বস্তু, ইলেকট্রনিক হাতঘড়ি বা যেকোনো ধরনের ইলেকট্রনিক ডিভাইস, কমিউনিকেটিভ ডিভাইস বা এ জাতীয় বস্তু সঙ্গে নিয়ে প্রবেশ করা বা সঙ্গে রাখা সম্পূর্ণ নিষিদ্ধ। যদি কোনো পরীক্ষার্থী এসব সঙ্গে নিয়ে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করেন তাকে তাৎক্ষণিক বহিষ্কারসহ আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

ডেইলি-বাংলাদেশ/জেডআর
লিংক সফলভাবে কপি হয়েছে!