ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

হিট এলার্টের মধ্যেও বুটেক্সে চলবে সশরীরে ক্লাস

বুটেক্স প্রতিনিধি
প্রকাশিত: ১৯:৩৭, ২৪ এপ্রিল ২০২৪
হিট এলার্টের মধ্যেও বুটেক্সে চলবে সশরীরে ক্লাস
ছবি: সংগৃহীত

এপ্রিলের মাঝামাঝি সময় থেকে দেশে চলমান তীব্র দাবদাহে দেশের স্কুলকলেজ বন্ধ ঘোষণা করা হয়েছে। অনেক বিশ্ববিদ্যালয়ও তাদের শিক্ষার্থীদের ক্লাস কার্যক্রম অনলাইনে নেওয়া শুরু হয়েছে। এদিকে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে (বুটেক্স) এ সংক্রান্ত কোনো বিজ্ঞপ্তি দেওয়া হয়নি, চলছে সশরীরে ক্লাস। এতে প্রতিক্রিয়া দেখা যাচ্ছে শিক্ষার্থীদের মধ্যে।

তীব্র গরমেও সশরীরে ক্লাসসহ সব কার্যক্রম প্রসঙ্গে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কাবেরী মজুমদার জানান, উপাচার্য দেশের বাইরে থাকায় তার সময়সূচি সম্পর্কে জানা নেই। তাই এ ব্যাপারে কোনোকিছু বলতে পারব না। 

উপাচার্য অধ্যাপক ড. শাহ আলিমুজ্জামান নয় দিনের ছুটিতে দেশের বাইরে থাকায় রুটিন দায়িত্বে আছেন অধ্যাপক ড. মো. মশিউর রহমান খান। 

Advertisement

তীব্র গরমে ক্লাস চালু রাখা প্রসঙ্গে রুটিন উপাচার্যকে জানানোর ব্যাপারে রেজিস্ট্রার আরো বলেন, রুটিন দায়িত্বে থাকার কারণে তাকে নীতিগত ও আর্থিক কোনো সিদ্ধান্ত না নেওয়ার শর্ত দিয়ে দেওয়ায় এমন কোনো সিদ্ধান্ত তিনি নিতে পারবেন না। 

উপাচার্য দেশের বাইরে আছে আর রুটিন দায়িত্বে থাকা উপাচার্য যদি সিদ্ধান্ত নিতে না পারে এমন পরিস্থিতিতে বিকল্প সমাধান আছে কিনা জানতে চাইলে বলেন, ৪ দিন চলে গেছে বাকি ৫ দিনও আমাকে এভাবে চালাতে হবে। নীতিগত কোনো সিদ্ধান্ত কেউ নিতে পারবে না। এছাড়াও এমনো সিনিয়র শিক্ষক আছেন, যার সঙ্গে যোগাযোগ করলে পরীক্ষা সামনে অসংখ্য ক্লাস বাকি থাকায় বিশ্ববিদ্যালয় ছুটি না দেওয়ার অনুরোধ জানান। 

এ ব্যাপারে উপাচার্য (রুটিন দায়িত্ব) অধ্যাপক ড. মো. মশিউর রহমান খানকে জিজ্ঞেস করলে তিনি বলেন, এ নিয়ে সিদ্ধান্ত নিতে পারব না এটা ঠিক না। এই পরিস্থিতি যেহেতু জরুরি অবস্থায় পড়ে সুতরাং এটা নিয়ে সিদ্ধান্ত নেওয়া যায়। যেহেতু সেমিস্টারের শেষের দিকে এক থেকে দুই সপ্তাহ ক্লাস হবে তাই এমন সময় ক্লাস বন্ধ দিলে সময়সূচি মেলানো কষ্টকর হয়ে পড়বে। শিক্ষার্থীরা যদি মনে করে, তারা ক্লাস করবে না বা এমন কিছু তবে স্ব-স্ব বিভাগের মাধ্যমে এই বিষয় জানাতে পারে৷ পরবর্তীতে আমরা এটা নিয়ে সিদ্ধান্ত নিব।

ডেইলি-বাংলাদেশ/কেবি
ট্যাগ: বুটেক্স
লিংক সফলভাবে কপি হয়েছে!