ঢাকা,  শনিবার   ৩১ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩

[ শিক্ষা ]
এইচএসসি-সমমানের ফল

এইচএসসিতে শতভাগ পাস ১৩৯ প্রতিষ্ঠানে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১:৪৯, ৩১ অক্টোবর ২০২৬
এইচএসসিতে শতভাগ পাস ১৩৯ প্রতিষ্ঠানে
সংগৃহীত ছবি

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষায় শতভাগ শিক্ষার্থী পাস করেছেন ১৩৯টি শিক্ষাপ্রতিষ্ঠানে। গত বছর এ সংখ্যা ছিল ৩৪৫। অর্থাৎ, এক বছরের ব্যবধানে শতভাগ পাস করা প্রতিষ্ঠানের সংখ্যা কমেছে ২০৬টি।

শনিবার (৩১ অক্টোবর) সকাল ১০টা ৪০ মিনিটে দেশের শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইট, সংশ্লিষ্ট পরীক্ষাকেন্দ্র ও শিক্ষাপ্রতিষ্ঠানের পাশাপাশি এসএমএসের মাধ্যমে ফল প্রকাশ করা হয়।

এ বছর ১১টি শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি ও সমমান পরীক্ষায় মোট ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন পরীক্ষার্থী অংশ নেন। সারা দেশে ২ হাজার ৬৯৭টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেয় ৯ হাজার ৪৩৯টি শিক্ষাপ্রতিষ্ঠান।

গত ২ জুলাই এ বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়। ৮ আগস্ট লিখিত পরীক্ষা শেষ হওয়ার কথা থাকলেও বন্যার কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের কয়েকটি পরীক্ষা স্থগিত করা হয়। পরে স্থগিত পরীক্ষাগুলো ৯ সেপ্টেম্বর শেষ হয়।

এদিকে প্রকাশিত ফলে অসন্তুষ্ট শিক্ষার্থীরা উত্তরপত্র পুনর্মূল্যায়নের জন্য আবেদন করতে পারবেন। আগামী ১ নভেম্বর থেকে এ আবেদন শুরু হবে, যা চলবে ৭ নভেম্বর পর্যন্ত।

শিক্ষা বোর্ডের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। পুনর্মূল্যায়নের আবেদনসংক্রান্ত বিস্তারিত নির্দেশনা সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইটে পাওয়া যাবে।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!