ঢাকা,  সোমবার   ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

শিক্ষাপ্রতিষ্ঠান এখনো ফাঁকা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৪:৩৪, ৭ আগস্ট ২০২৪
শিক্ষাপ্রতিষ্ঠান এখনো ফাঁকা
ছবি: ডেইলি বাংলাদেশ

কোটা সংস্কারসহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নানা কর্মসূচির কারণে দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম বন্ধ ছিল দীর্ঘদিন। মঙ্গলবার থেকে সারাদেশের স্কুল-কলেজসহ সব শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার ঘোষণা দেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

এ অবস্থায় টানা দুইদিন স্কুল-কলেজগুলো খোলা হলেও শিক্ষার্থীদের উপস্থিতি স্বাভাবিক হয়নি। আতঙ্ক না কমায় সন্তানদের স্কুল-কলেজে পাঠাচ্ছেন না অভিভাবকরা।

বুধবার রাজধানীর উত্তরা স্কুল অ্যান্ড কলেজ ও মাইলস্টোন কলেজসহ বেশ কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠান ঘুরে এ দৃশ্য দেখা গেছে।

Advertisement

উত্তরা স্কুল অ্যান্ড কলেজের শিক্ষকরা জানান, গতকাল থেকে স্কুল কলেজ খুললেও শিক্ষার্থীরা সবাই এখনো আসছে না। আতঙ্ক না কমায় অভিভাবকরা সন্তানদের স্কুলে পাঠাচ্ছেন না। তবে তারা শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়মিত খোঁজ নিচ্ছেন।

তারা আরো জানান, মঙ্গলবারের তুলনায় বুধবার শিক্ষার্থীদের উপস্থিতি কিছুটা বেড়েছে। তবে অধিকাংশ ক্লাসরুম এখনো খালি।

ছেলে-মেয়েদের নির্ভয়ে স্কুল-কলেজে পাঠাতে অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়েছেন শিক্ষকরা।

শিক্ষার্থীরা জানায়, দীর্ঘদিন পর ক্লাসের কার্যক্রম শুরু হওয়ায় এখনো অনেকে আসছে না। এছাড়া অনেক শিক্ষার্থীর মাঝে এখনো আতঙ্ক রয়ে গেছে। এ কারণে তারা কয়েকদিন পরে আসবে। সব ছাত্রছাত্রী নিজেদের সহপাঠীদের সঙ্গে যোগাযোগ রাখছে। প্রতিনিয়ত শিক্ষাপ্রতিষ্ঠানের সার্বিক পরিস্থিতি জানাচ্ছে এবং ভয় না পেয়ে স্কুল-কলেজে আসার জন্য উৎসাহ দিচ্ছে।

শিক্ষার্থীদের আশা, শিগগিরই তারা আবার পড়াশোনার স্বাভাবিক পরিবেশ ফিরে পাবে।

এদিকে, ক্লাস পুরোপুরি চালু না হলেও সীমিত পরিসরে শিক্ষার্থী ভর্তি কার্যক্রম চালু রেখেছে মাইলস্টোন কলেজসহ বেশ কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠান।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!