ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

‘ইতিবাচক ধারা এগিয়ে নিতে নেতিবাচক প্রচার বন্ধ হওয়া উচিত’

বেরোবি প্রতিনিধি
প্রকাশিত: ১৮:৫০, ৩০ সেপ্টেম্বর ২০২৪
‘ইতিবাচক ধারা এগিয়ে নিতে নেতিবাচক প্রচার বন্ধ হওয়া উচিত’
ছবি: ডেইলি বাংলাদেশ

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) শিক্ষার্থীরা ইতিবাচক ধারাকে সামনে দিকে এগিয়ে নিতে চাইলে, তাদের নেতিবাচক প্রচার বন্ধ করা প্রয়োজন বলে মন্তব্য করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শওকাত আলী। কোনো ধরনের সমস্যা কিংবা পরামর্শ থাকলে তা সামাজিক মাধ্যমে তুলে না ধরে, সঠিক জায়গায় উপস্থাপন করার আহ্বান জানান তিনি।

সোমবার (৩০ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়ায় ‘শিক্ষাঙ্গনে ইতিবাচক সম্পর্ক ও আমাদের ক্যাম্পাস ভাবনা’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় শিক্ষার্থীসহ সবার প্রতি এই আহ্বান জানান তিনি।

উপাচার্য বলেন, শিক্ষার্থীদের প্রায় তিন মাসের সেশনজট নিরসনে উদ্যোগ নেয়া হচ্ছে। এছাড়া বিভাগগুলোর শিক্ষক সংকট, ক্লাসরুম সংকট, প্রয়োজনীয় ল্যাব ও সেমিনার সংকট দূর করা হবে।

Advertisement

তিনি বলেন, সুন্দর ও নিরাপদ পরিবেশে শিক্ষা কার্যক্রম পরিচালনার জন্য ক্যাম্পাসকে পরিচ্ছন্ন রাখতে হবে। সুতরাং এই বিশ্ববিদ্যালয়কে পরিষ্কার পরিচ্ছন্ন গ্রিন ক্যাম্পাস হিসেবে গড়ে তুলতে সবার সহযোগিতা প্রয়োজন।

ইন্সটিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেল (আইকিউএসি) পরিচালক প্রফেসর ড. মো. তাজুল ইসলামের সভাপতিত্বে সেমিনার ছাত্র পরামর্শ ও নির্দেশনা দফতরের পরিচালক ড. মো. ইলিয়াছ প্রামানিক, জীব ও ভূবিজ্ঞান অনুষদের ডিন ড. মো. ইমদাদুল হক ও বিজনেস স্টাডিজ অনুষদের ডিন প্রফেসর মো. ফেরদৌস রহমান বক্তব্য দেন। আইকিউএসি অতিরিক্ত পরিচালক ড. মো. আব্দুল লতিফ সেমিনারটি সঞ্চালনা করেন।

বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের সঙ্গে আলোচনার ধারাবাহিকতায় জীব ও ভূবিজ্ঞান এবং বিজনেস স্টাডিজ অনুষদের শিক্ষার্থীরা এতে অংশগ্রহণ করেন।

ডেইলি-বাংলাদেশ/কেবি
ট্যাগ: বেরোবি
লিংক সফলভাবে কপি হয়েছে!