ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে বুটেক্সে প্রতিবাদ
ফিলিস্তিন ও লেবাননে ইজরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে র্যালি ও অবস্থান কর্মসূচি পালন করেছেন বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) সাধারণ শিক্ষার্থীরা। পরবর্তী শিক্ষার্থীদের কর্মসূচিতে যুক্ত হন বুটেক্সের শিক্ষকরাও।
সোমবার (৭ অক্টোবর) দুপুর ১টায় বুটেক্সের ওসমানী হল থেকে এই র্যালি বের হয়ে বুটেক্সের প্রধান ফটকের সামনে অবস্থান করে শিক্ষার্থীরা।
এ সময় ফ্রি ফ্রি প্যালেস্টাইন, ফ্রম দা রিভার টু দা সি, প্যালেস্টাইন উইল বি ফ্রি, মুসলিম ফর লাইফ, মুসলিম ইউনাইট সহ নানা স্লোগান দেন সাধারণ শিক্ষার্থীরা। ছাত্রদের এই অবস্থান কর্মসূচির এক পর্যায়ে তাদের সঙ্গে যুক্ত হন বুটেক্সের শিক্ষক ড. এমদাদ সরকার, এহসান ইলাহী সাবিক এবং ড. সুলতানা বেদোরা।
.png)
উপস্থিত ফেব্রিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. এমদাদ সরকার বলেন, তুরস্কে পিএইচডি চলাকালীন সময় পরিচয় হওয়া আমার একজন বন্ধু বর্তমানে গাজায় অবস্থান করছে। প্রায়ই তার সঙ্গে আমার যোগাযোগ হয়। কাছ থেকে যারা দেখে তারাই ভালো বলতে পারে কতটুকু বর্বরোচিত ঘটনাগুলো। ছোট-ছোট বাচ্চাদের ওপর, হাসপাতালগুলোর ওপর যে হামলা চালানো হচ্ছে, তার তীব্র নিন্দা জানাচ্ছি।
বিশ্ববিদ্যালয়ের ডাইজ অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের সহকারী অধ্যাপক ড. সুলতানা বেদোরা বলেন, আমরা বাংলাদেশি হিসেবে, মুসলমান হিসেবে এই ঘটনা সরাসরি প্রতিহত করতে না পারলেও যারা এই অত্যাচার করছে তাদের সহযোগিতা করব না। সেজন্য আমরা আমাদের অবস্থান থেকে দৈনন্দিন জীবনে ইসরায়েলি পণ্য ব্যবহার করা থেকে বিরত থাকতে পারি।
বিশ্ববিদ্যালয়ের হিউমিনিটিজ অ্যান্ড সোশ্যাল সায়েন্স বিভাগের প্রভাষক এহসান ইলাহী সাবিক বলেন, এমন একটা দিনে আমরা এখানে দাঁড়িয়েছি যেদিন এখনো ফিলিস্তিনি শিশুরা না খেয়ে এবং অস্ত্রের মুখে মারা যাচ্ছে। এই সমস্যাটার মূল কারণ হচ্ছে ইসরায়েল একটা যুদ্ধাপরাধী রাষ্ট্র। আমাদেরকে প্রতিটা মহলেই আওয়াজ তুলতে হবে যে, ইসরায়েল একটা যুদ্ধাপরাধী মানববিরোধী রাষ্ট্র এবং এরা বিশ্ব শান্তি বিরোধী। শুধু ইসরায়েলি পণ্য বয়কট করে নয়, আমরা সরকারের কাছে দাবি জানাতে চাই যেন জাতিসংঘ সহ সব বৈশ্বিক মহলে ইসরায়েলকে বয়কট করা হয়।
শিক্ষার্থীরা বলেন, আজকে আমরা সবাই একত্রিত হয়েছি ইসরায়েলের বিরুদ্ধে আওয়াজ তুলতে এবং আমাদের ফিলিস্তিনি ভাই বোনেদের ওপর অত্যাচারের প্রতিরোধ গড়ে তুলতে। বিগত বছরের ৭ অক্টোবর অর্থাৎ আজকের এই দিনে থেকেই ইসরায়েল দখলদার বাহিনী ফিলিস্তিনের জনসাধারণের ওপর বর্বরোচিত হত্যাকাণ্ড চালিয়েছে।
উল্লেখ্য, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে শুরু হওয়া ফিলিস্তিনে চলমান ইসরায়েলি আগ্রাসনে একবছরে প্রায় ৪২০০০ হাজার মানুষ নিহত হয় যাদের অর্ধেকের বেশি নারী এবং শিশু। বাস্তুচ্যুত হওয়া লক্ষ লক্ষ মানুষ এখনো মানবেতর জীবন-যাপন করছেন।