কিউএস র্যাংকিংয়ে দেশসেরা ঢাকা বিশ্ববিদ্যালয়
যুক্তরাজ্যভিত্তিক শিক্ষা ও গবেষণা সংস্থা কোয়াককোয়ারেলি সায়মন্ডসের (কিউএস) এশিয়া ইউনিভার্সিটি র্যাংকিংয়ে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে শীর্ষস্থানে আছে ঢাকা বিশ্ববিদ্যালয়। এশিয়ার বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থান ১১২তম।
গত বছর এ অবস্থান ছিল ১৪০তম। সে হিসেবে এবারের র্যাংকিংয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ২৮ ধাপ এগিয়েছে।
সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
.png)
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, এ বছর কিউএস সাসটেইনেবিলিটি বিশ্ব র্যাংকিংয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ৬৩৪তম স্থান অর্জন করেছে। সম্প্রতি এই র্যাংকিং প্রকাশ করা হয়েছে।
এর আগে, গত ৬ নভেম্বর এশিয়ার সেরা বিশ্ববিদ্যালয়ের তালিকা প্রকাশ করেছে কিউএস। প্রতিবছরের নভেম্বরের শুরুতে তালিকাটি প্রকাশ করা হয়। এশিয়ার সেরা ৯৮৪টি বিশ্ববিদ্যালয়ের তালিকায় শীর্ষস্থানে রয়েছে চীনের পিকিং ইউনিভার্সিটি (বেইজিং)। দ্য ইউনিভার্সিটি অব হংকং তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে। র্যাংকিংটি প্রধানত ১১টি সূচকের ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। এর মধ্যে একাডেমিক কার্যক্রম, পিএইচডিধারীর সংখ্যা ও আন্তর্জাতিক শিক্ষার্থীদের সংখ্যা বিবেচনা করা হয়েছে।