ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

ঢাকা বিশ্ববিদ্যালয়ে দিনব্যাপী সিরাত মাহফিল অনুষ্ঠিত

শিক্ষাঙ্গন ডেস্ক
প্রকাশিত: ২০:২৭, ২১ সেপ্টেম্বর ২০২৪
ঢাকা বিশ্ববিদ্যালয়ে দিনব্যাপী সিরাত মাহফিল অনুষ্ঠিত
ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) প্রথমবারের মতো ‘সিরাত মাহফিল’ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) এ মাহফিল হয়।

ঢাবি উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খানের সভাপতিত্বে সিরাত মাহফিলে প্রধান অতিথি ছিলেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। বিশেষ অতিথি ছিলেন আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ।

এছাড়া আলোচক হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) আরবি বিভাগের অধ্যাপক ড. গিয়াসউদ্দীন তালুকদার, ইসলামিক স্কলার ওবায়দুল্লাহ হামজা, কবি ও লেখক মাওলানা মুসা আল হাফিজ, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির অধ্যাপক শায়খ মোখতার আহমাদ।

Advertisement

বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন প্রো-ভিসি (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ, আরবি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. যুবাইর মুহাম্মাদ এহসানুল হক, ইসলামিক স্টাডিজ বিভাগের সাবেক চেয়ারম্যান ড. মো. শামছুল আলম, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক তানজিম উদ্দীন খান প্রমুখ।

অনুষ্ঠানের প্রথম পর্বে আলোচনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সকাল ৯টায় শুরু হয়ে বিকেল ৫টায় শেষ হয়। দুপুর থেকে মহানবী হযরত মুহাম্মাদ (সা.) এর জীবনীর ওপর অনুষ্ঠিত প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন ও ঢাবি উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান।

অনুষ্ঠানে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন আন্তর্জাতিক ক্বারি আহমাদ বিন ইউসুফ আল আজহারী ও বিশ্বজয়ী হাফেজ সালেহ আহমাদ তাকরীম। সকালে উদ্বোধনী বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের খতিব নাজির আহমেদ।

বিকেল সাড়ে ৫টা থেকে শুরু হয়ে দ্বিতীয় পর্ব চলে রাত ৮টা পর্যন্ত। এই পর্বে ‘জলসায়ে ইশকে মুহাম্মাদ (সা.)’ শিরোনামে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। এতে সংগীত পরিবেশন করেন ইসলামি সাংস্কৃতিক ঘরানার আলোচিত শিল্পীগোষ্ঠী কলরব, সাইমুম, সিলসিলা ও হেভেন টিউন, জনপ্রিয় শিল্পী আবু উবায়দা, শেখ এনাম, হুজায়ফা মাহমুদ প্রমুখ।

অনুষ্ঠানস্থল শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান ও সাবেক শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত ছিল। এখানে প্রায় ৪ হাজার শ্রোতার জন্য আসনের ব্যবস্থা করা হয়। অন্যদের জন্য টিএসসির পার্শ্ববর্তী পায়রা চত্বরে ডিজিটাল স্ক্রিনের ব্যবস্থা করা হয়।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!