ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]
সরকারি প্রাথমিক বিদ্যালয়

মেধায় নিয়োগ পাবেন ৯৩ শতাংশ শিক্ষক, বাদ পোষ্য কোটা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৪:৪০, ৮ ডিসেম্বর ২০২৪
মেধায় নিয়োগ পাবেন ৯৩ শতাংশ শিক্ষক, বাদ পোষ্য কোটা
ক্লাসে শিক্ষক-শিক্ষার্থীরা

দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে ৯৩ শতাংশ শিক্ষকই মেধার ভিত্তিতে নিয়োগ দেওয়া হবে। একই সঙ্গে শিক্ষক নিয়োগে পোষ্য কোটা থাকছে না।

রোববার খুলনা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে বিভাগের বিভিন্ন স্তরের কর্মকর্তার সঙ্গে মতবিনিময়ে এ তথ্য জানান প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার।

তিনি বলেন, প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে শিক্ষক নিয়োগে প্রি-সার্ভিস প্রশিক্ষণের ওপর গুরুত্বারোপ করছি আমরা। এখন প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে প্রাথমিকের বাজেট বাড়ানোটাই সময়ের দাবি।

Advertisement

গণশিক্ষা উপদেষ্টা বলেন, প্রাথমিকপর্যায়ে মানসম্মত শিক্ষাব্যবস্থা গড়ে তোলা প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের একার পক্ষে সম্ভব নয়। এজন্য দরকার সমাজের সব স্তরের মানুষের সামগ্রিক অংশগ্রহণ। সবার সহযোগিতায় শিশুদের সাক্ষর করে গড়ে তোলা সম্ভব।

ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেন, আমাদের দেশে প্রাথমিকের ভৌত অবকাঠামো সুন্দর। কিছু এলাকায় সমস্যা আছে। সেগুলো সুন্দর করা হচ্ছে। ঢাকা সিটি কর্পোরেশন ও ঢাকার পার্শ্ববর্তী এলাকায় দৃষ্টিনন্দন স্কুল নির্মাণ করা হচ্ছে।

তিনি আরো বলেন, আগামী পাঁচ বছরের মধ্যে দেশের সবগুলো প্রাথমিক স্কুলে ‘মিড ডে মিল’ চালু করা হবে। এ সংক্রান্ত প্রকল্পটি একনেকে পাসের অপেক্ষায় আছে। প্রথম পর্যায়ে ১৫০টি উপজেলার সব স্কুলে এই ‘মিড ডে মিল’ চালু হবে। কক্সবাজার ও বান্দরবানসহ দেশের কিছু স্কুলে ‘মিড ডে মিল’ চালু আছে।

প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা বলেন, প্রাথমিকের শিক্ষার্থীদের উপস্থিতি বাড়ানোর লক্ষ্যে উপবৃত্তি চালু করা হয়েছে। এতে বিশাল ব্যয় হচ্ছে। কিন্তু এটি যে উদ্দেশ্যে করা হয়েছে, সেখানে কাঙ্ক্ষিত ফলাফল অর্জিত হচ্ছে না। উপবৃত্তির জন্য প্রাথমিক স্কুলে শিক্ষার্থীদের নাম থাকে কিন্তু তারা অন্য স্কুলে অধ্যয়ন করছে।

এ সময় উপস্থিত ছিলেন- খুলনা বিভাগীয় কমিশনার ফিরোজ সরকার, প্রাথমিক শিক্ষা অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক মোহাম্মদ আতিকুর রহমান, খুলনা বিভাগীয় উপ-পরিচালক ড. মো. শফিকুল ইসলাম প্রমুখ।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!