মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় চার্জ গঠনের শুনানিতে হাজির হতে মঙ্গলবার আদালতে যাচ্ছিলেন পরীমনি। কিন্তু পথের মধ্যে গাড়িতেই মাথা ঘুরে পরে যাওয়ায় বাসায় ফিরে যান।
আবেদনের প্রেক্ষিতে শুনানির জন্য ২ জানুয়ারি তারিখ ঠিক করেছেন আদালত। ঢাকার বিশেষ জজ আদালত-১০-এর বিচারক মোহাম্মদ নজরুল ইসলাম আজ মঙ্গলবার এ তারিখ ঠিক করেন।
.png)
পরীমনির অসুস্থতা সম্পর্কে আইনজীবী নীলাঞ্জনা রিফাত সুরভী সময় আবেদন করে বলেন, পরীমনি আদালতের উদ্দেশে রওনা হয়েছিলেন। কিন্তু হঠাৎ করেই তার ভার্টিগো রোগটি বৃদ্ধি পায়। তিনি গাড়ির মধ্যেই মাথা ঘুরে পড়ে যান। তাই তাকে আবার বাসায় ফিরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। তাই আমরা চার্জশুনানি পেছানোর আবেদন করেছি।
অভিনেত্রীর সহযোগী আশরাফুল ইসলাম দিপু বলেন, পরীমনি কয়েকদিন ধরেই অসুস্থ ছিলেন। চিকিৎসকের পরামর্শও নিয়েছেন। আজ হঠাৎ গাড়িতে মাথা ঘুরে পরে যান।
মামলার অপর দুই আসামি- পরীমনির সহযোগী আশরাফুল ইসলাম দিপু ও মো. কবীর হাওলাদার আদালতে হাজিরা দেন। এর আগে পরীমনিসহ ৩ জনের বিরুদ্ধে গত ৪ অক্টোবর ঢাকা সিএমএম আদালতে চার্জশিট দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা সিআইডি পুলিশের পরিদর্শক কাজী গোলাম মোস্তফা। এরপর গত ১৩ অক্টোবর আদালত আসামিদের বিরুদ্ধে চার্জশিট আমলে নেয়।
চলতি মাসের ১২ তারিখ চট্টগ্রামে ‘প্রীতিলতা’ সিনেমার শুটিং করতে যাওয়ার কথা ছিল পরীমনির। অসুস্থতার কারণে সেটিও পিছিয়েছেন।