ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ বিনোদন ]

রাজশাহীতে নির্মিত প্রথম ওয়েব সিরিজ ‘শাটিকাপ’, প্রিমিয়ার বৃহস্পতিবার

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৯:০২, ১২ জানুয়ারি ২০২২
রাজশাহীতে নির্মিত প্রথম ওয়েব সিরিজ ‘শাটিকাপ’, প্রিমিয়ার বৃহস্পতিবার
রাজশাহীতে নির্মিত প্রথম ওয়েব সিরিজ ‘শাটিকাপ’র পোস্টার

রাজশাহীতে নির্মিত প্রথম ওয়েব সিরিজ ‘শাটিকাপ’ আসছে ওটিটি প্ল্যাটফর্মে। বৃহস্পতিবার এটি চরকিতে মুক্তি পাচ্ছে। এর প্রিমিয়ার শো একই দিন বিকালে রাজশাহী জেলা পরিষদ এএইচএম কামারুজ্জামান মিলনায়তনে অনুষ্ঠিত হবে।

বুধবার চরকির কমিউনিকেশন্স অফিসার তানজিনা রহমান তাসনিম এ তথ্য নিশ্চিত করেছেন।

মাদক, আন্তঃসীমান্ত অপরাধসহ নানা ঘটনা নিয়ে আট পর্বের এ থ্রিলার নির্মাণ করেছেন রাজশাহীর ছেলে মোহাম্মদ তাওকীর ইসলাম। তবে সবাই তাকে চিনেন শাইক নামে। সিনেমা নিয়ে তিনি ভারতের নয়াদিল্লীর এশিয়ান স্কুল অব মিডিয়া স্ট্যাডিজ থেকে পড়াশোনা করেছেন। নির্মাতার পাশাপাশি এতে যারা অভিনয় করেছেন, তাদের সবাই রাজশাহীর সন্তান। এর চিত্রধারণও হয়েছে রাজশাহীতেই। তাই শাটিকাপকে শতভাগ লোকাল সিরিজ বলা হচ্ছে। সোমবার রাতে এর ট্রেলার প্রকাশ করেছে চরকি।

Advertisement

চরকি সূত্রে জানা গেছে, গেল বছরের জুলাই মাস থেকে যাত্রা শুরু করে দেশীয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফরম চরকি। উপভোগ্য সব কনটেন্ট দিয়ে দর্শকদের মন জয় করেছে তারা। তরুণ নির্মাতাদেরও স্পট লাইটে আনার চেষ্টা করেছে টিম চরকি। এ বছরের শুরুতেই চরকি বেশ কিছু কনটেন্টের ঘোষণা দেয়। তার মধ্যে বছরের প্রথম সিরিজ ‘শাটিকাপ’ মুক্তি পাচ্ছে বৃহস্পতিবারে।

জানা গেছে, রাজশাহীর এই তরুণদের উৎসাহ, সম্মান, অনুপ্রেরণা দেওয়ার জন্য চরকি এই প্রথমবারের মতো একটি প্রিমিয়ার অনুষ্ঠানের আয়োজন করেছে। রাজশাহীবাসীর জন্য এটির আয়োজনও করা হয়েছে রাজশাহীতেই। প্রিমিয়ার শোতে আট পর্বের মধ্যে দুই পর্ব দেখানো হবে।

এছাড়া এই আয়োজনে রাজশাহীবাসীর জন্য চরকি একটি কুইজেরও আয়োজন করেছে। দর্শক কুইজে অংশ নিয়ে সহজ কিছু প্রশ্নের উত্তর দিয়ে জিতে নিতে পারবেন প্রিমিয়ার শোয়ের স্পেশাল টিকিট। ১০০ ভাগ্যবান কুইজ বিজয়ীরা একজন বন্ধুসহ উপভোগ করতে পারবেন ‘জলের গান’-এর রাহুল আনন্দের গানসহ ‘শাটিকাপ’ নির্মাতা, কলাকুশলী ও চরকি টিমের সঙ্গে সাক্ষাৎ করার সুবর্ণ সুযোগ।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!