কামাখ্যা মন্দিরে পূজা দিয়ে যা চাইলেন অপু বিশ্বাস
ভারতের আগরতলায় ২৩ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয়েছে দ্বিতীয় বারের মতো ‘বাংলাদেশ চলচ্চিত্র উৎসব’। এ উৎসবে পারফর্ম করতে ভারতে গিয়েছিলেন ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস। গত মঙ্গলবার সকালে আগরতলার উদ্দেশ্যে ঢাকা ছাড়েন তিনি। সেখানে গিয়ে সময়টা ভালো কেটেছে এই নায়িকার।
বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) ভারতের গুয়াহাটিতে অবস্থিত হিন্দু ধর্মাবলম্বীদের ঐতিহাসিক কামাখ্যা মন্দিরে পূজা দিতে গিয়েছিলেন তিনি। জাদুর নগরী কামরুক কামাখ্যা। কথিত আছে জাদুর নগরীতে কেউ গেলে সে আর ফিরে আসে না। সেখানকার জাদুকরেরা তাকে বন্দী করে বিভিন্ন কাজ করায়, নয়তো গরু–ছাগল বানিয়ে রাখে। কেউ বলে কামরূপে নাকি কোনো পুরুষ নেই। সবাই নারী। দুনিয়ার তাবৎ জাদুকরেরা কামরূপ কামাখ্যা থেকে জাদু শিখেছে। কামাখ্যা নিয়ে এমন অসংখ্য মিথ প্রচলিত আছে।
তো সেখানে গিয়ে কি চাইলেন অপু? অপু জানালেন, ছোটবেলা থেকে এই মন্দিরের নাম শুনে আসছি। আমার বাবা-মায়ের খুব ইচ্ছা ছিল মন্দিরটা দর্শন করার। কিন্তু তারা আর আমাদের মাঝে নেই। আমি আমার বাবা-মায়ের আত্মার শান্তি কামনা করে পূজা দিয়েছি।
.png)
অপু এখন কলকাতায় আছেন। সব ঠিক থাকলে শুক্রবার সকালে দেশে ফিরবেন। বিকেলে যাবেন রংপুর। নগরীর শাপলা টকিজে বসে দেখবেন সম্প্রতি মুক্তি পাওয়া ‘শ্বশুরবাড়ি জিন্দবাদ ২’ ছবিটি। অপু বলেন, এই দুঃসময়ে ছবিটি ভালো ব্যবসা করল। তৃতীয় সপ্তাহে এসে অনেক হলে চলছে ছবিটি। আমি দর্শকদের কাছে কৃতজ্ঞ। তারা এখনো আমাকে আগের মতো ভালোবাসেন।