কল সেন্টার চালাতেন সাগ্নিক! পল্লবীর মৃত্যুতে বাড়ছে রহস্য
টালিগঞ্জের অভিনেত্রী পল্লবী দে এর মৃত্যু তদন্তে এবার তার ভাই জিৎ দে-কে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে তাকে গরফা থানায় ডেকে জিজ্ঞাসাবাদ করা হয়। পাশাপাশি এ ঘটনায় গ্রেফতার সাগ্নিক চক্রবর্তী রাজারহাট-নিউ টাউনে একটি কল সেন্টার চালাতেন বলেও জানতে পেরেছেন তদন্তকারীরা।
তদন্তকারীরা জানান, কল সেন্টারে ঠিক কী ধরনের কাজ হত, আদৌ সেই ব্যবসার বৈধ কোনো কাগজপত্র আছে কিনা তা খতিয়ে দেখছে গরফা থানার পুলিশ।
গত রোববার গরফার ফ্ল্যাট থেকে উদ্ধার হয় টালিগঞ্জের অভিনেত্রী পল্লবীর ঝুলন্ত মরদেহ। ঘটনার পরদিন গরফা থানায় খুনের অভিযোগ দায়ের করে অভিনেত্রীর পরিবার। সেই অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে পল্লবীর বিশেষ বন্ধু সাগ্নিককে গ্রেফতার করেছিল গরফা থানার পুলিশ। এ ঘটনায় পল্লবীর পরিচারিকাকেও জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। এ দিন জিজ্ঞাসাবাদ করা হল পল্লবীর ভাই জিৎ-কে।
.png)
পল্লবীর পরিবারের তরফে দায়ের করা অভিযোগে আর্থিক প্রতারণার অভিযোগের পাশাপাশি সাগ্নিক এবং ঐন্দ্রিলা মুখোপাধ্যায় নামে আর এক বন্ধুর নাম উল্লেখ করা হয়েছিল। আর্থিক প্রতারণার অভিযোগটি তদন্তকারীরা খতিয়ে দেখছেন বলে জানা গিয়েছে। তবে তদন্তকারীরা জেনেছেন, রাজারহাটের ফ্ল্যাট কিনতে সাগ্নিকের পরিবারের পক্ষ থেকেও মোটা অঙ্কের টাকা দেওয়া হয়েছিল। সেই টাকার একটি বড় অংশ সাগ্নিকের বাবা ঋণ হিসেবে নিয়েছিলেন বলে খবর। সেই প্রমাণও তদন্তকারীরা হাতে পেয়েছেন বলে জানা গিয়েছে।