ল্যাপটপে ‘হনুমান চল্লিশা’ চালিয়ে অভিনেত্রীকে যৌনতার প্রস্তাব
হিন্দি টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী শিব্যা পাঠানিয়া। এবার তিনি কাস্টিং কাউচ বিষয়ে মুখ খুললেন। এ অভিনেত্রী জানিয়েছেন কিভাবে ল্যাপটপে ‘হনুমান চল্লিশা’ চালিয়ে যৌনতার প্রস্তাব দিয়েছিলেন এক প্রযোজক।
ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, ২০১৩ সালে ‘মিস শিমলা’ খেতাব জেতেন শিব্যা। এর এক বছর পরে হিন্দি টেলিভিশনে ‘হামসফরস’ নামে সিরিয়ালের মাধ্যমে নিজের ক্যারিয়ার শুরু করেন। ‘ইয়ে হ্যায় আশিকি’, ‘রাধা কিষণ’, ‘রাম সিয়া কে লাভ কুশ’ নামে একাধিক সিরিয়ালে অভিনয় করেছেন তিনি।
আলোচিত কমেডি প্রোগ্রাম ‘দ্য কপিল শর্মা শো’র সঙ্গেও যুক্ত ছিলেন শিব্যা। মাঝে এক সময় শিব্যার হাতে তেমন কাজ ছিল না। তখনই কাস্টিং কাউচের শিকার হন তিনি। এক জায়গা থেকে অডিশন দেওয়ার জন্য ডাকা হয়েছিল শিব্যাকে।
তিনি বলেন, সেখানে এক প্রযোজক ল্যাপটপ নিয়ে বসেছিলেন। সেই ল্যাপটপে ‘হনুমান চল্লিশা’ বাজাচ্ছিলেন। প্রথমে সাধারণভাবেই দুজনের কথাবার্তা শুরু হয়েছিল। আচমকা ওই ব্যক্তি শিব্যাকে যৌনতার প্রস্তাব দেন। আর বলেন, সুপারস্টারের সঙ্গে কাজ পেতে গেলে এমন আপস করতেই হয়।
অতীতের সেই তিক্ত অভিজ্ঞতা আজও ভুলতে পারেননি বলে জানান শিব্যা। পরে নাকি তিনি জানতে পেরেছিলেন, ঐ ব্যক্তি প্রযোজক নয়, প্রতারক ছিল।