‘অ্যাশেজ’ প্রধান জুনায়েদ ইভান নতুন সম্পর্কে গণমাধ্যমকে জানান, ‘জলবায়ু বাঁচাতে চলো নদীর কাছে যাই’-এমন স্লোগানে একটি বিশেষ আয়োজন শুরু হয়েছে। যেখানে সাতটি ব্যান্ড সাতটি নদী নিয়ে গান করেছে। এর মধ্যে বুড়িগঙ্গা নিয়ে গেয়েছে ‘অ্যাশেজ’।
গান প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘আমাদের মূল লক্ষ্য হলো, মানুষকে নদীর কাছে নিয়ে যেতে চাই। কারণ বাংলাদেশ একটি নদীমাতৃক দেশ। বিশেষ করে নতুন প্রজন্মকে নদীর কাছাকাছি আনতে চাই। কারণ জলবায়ু রক্ষায় নদীর ভূমিকা অসামান্য। আমরা বুড়িগঙ্গা নদী নিয়ে গান করেছি। সবাই জানেন, বর্তমানে এই নদীর পানির কি অবস্থা। আমরা চাই গানটি শুনে মানুষ যেন কিছুটা হলেও সচেতন হয়। নদীর পরিবেশ নষ্ট না করে বরং নদীকে ভালোবেসে সংরক্ষণ করে। এই দায়বদ্ধতা থেকেই গানটি করেছি আমরা।’
.png)
মানুষের আবেগ-অনুভূতি নিয়েই মূলত গান করে ‘অ্যাশেজ’। তবে এই গানটি করতে গিয়ে তারা উপলব্ধি করেছেন, প্রকৃতি নিয়েও গান করা প্রয়োজন। ভবিষ্যতে তাই দেশ, ইতিহাস, ভাষা-সংস্কৃতি সব বিষয়েই গান করার পরিকল্পনা রয়েছে তাদের।
‘বুড়িগঙ্গা’ গানটি লিখেছেন ‘চিরকুট’ ব্যান্ডের ভোকাল শারমিন সুলতানা সুমি। গানের সুর করেছেন জুনায়েদ ইভান। সংগীতায়োজনে ব্যান্ড ‘অ্যাশেজ’। মিক্স ও মাস্টারিং করেছেন ব্যান্ডটির সদস্য সুলতান রাফসান খান। এ মাসেই একটি মিউজিক ভিডিওসহ গানটি প্রকাশিত হবে।