নোরা ফাতেহিকে দেখতে উপচেপড়া ভিড়, বিশেষ নিরাপত্তা
অবশেষে সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে ঢাকার মাটিতে পা রেখেছেন বলিউডের তারকা নোরা ফাতেহি। শুক্রবার দুপুরে ঢাকায় আসেন নোরা। এরই মধ্যে তিনি রংধনু গ্রুপ নিবেদিত উইমেন লিডারশিপ কর্পোরেশন আয়োজিত ‘গ্লোবাল অ্যাচিভার্স অ্যাওয়ার্ড-২০২২’-এ অংশ নিয়েছেন।
নোরা ২৪ ঘণ্টার এ সফরে আজ রাত ৮টায় মঞ্চে উঠবেন৷ এদিকে নোরার বাংলাদেশে আসার খবর পেয়ে ভিড় করছেন হাজারও দর্শক। অনেকে টিকিট বা পাস ছাড়াই চলে এসেছেন। অনুষ্ঠানে টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে ভিআইপি ১৫ হাজার, গোল্ড ১০ হাজার, সিলভার ৫ হাজার টাকা।
অনুষ্ঠানস্থলে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে নেয়া হয়েছে বাড়তি নিরাপত্তা। পুলিশ ও এলিট ফোর্সের উপস্থিতিতে আগত দর্শকদের বিশেষ চেকিং দিয়ে প্রবেশ করতে দেওয়া হচ্ছে।
আজ রাতে জনপ্রিয় কয়েকটি গানের সঙ্গে নাচ করবেন নোরা। এ আয়োজন শেষে শনিবার তিনি ফিরে যাবেন কাতারে। ফুটবল বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে পারফর্ম করার কথা রয়েছে তার।