ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

[ বিনোদন ]

৩৯ বছর বয়সে মা হচ্ছেন বলিউড অভিনেত্রী

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৬:২৬, ২১ ডিসেম্বর ২০২২
৩৯ বছর বয়সে মা হচ্ছেন বলিউড অভিনেত্রী
ফাইল ছবি

বলিউডে একের পর এক খুশির খবর। বছরজুড়েই অভিনেত্রীদের শুধু মা হওয়ার খবর বইছে বি-টাউনে। বছরের শুরুতেই মা হয়েছেন অভিনেত্রী কাজল আগরওয়াল ও সোনম কাপুর। দুজনেই ফুটফুটে পুত্রসন্তানের জন্ম দিয়েছেন। এরপরই প্রকাশ্যে আসে মা হতে চলেছেন বলিউডের আরো দুই পাওয়ারফুল অভিনেত্রী আলিয়া ভাট ও বিপাশা বসু।

গত মাসেই ফুটফুটে কন্যা সন্তানের মা হয়েছেন আলিয়া ও বিপাশা। সুতরাং বলিউডজুড়ে বইছে খুশির মৌসুম। না চমকের শেষ নেই, কিছুদিন আগেই দক্ষিণি সুপারস্টার রাম চরণ ঘোষণা করেছিলেন, প্রায় ১০ বছর পর বাবা হতে চলেছেন। মঙ্গলবার প্রকাশ্যে এলো বলিউডের আরো এক খ্যাতনামা অভিনেত্রী গওহর খানের অন্তঃসত্ত্বা হওয়ার খবর।

৩৯ বছর বয়সে মা হওয়ার খবর গওহর নিজেই জানিয়েছেন তার ইনস্টাগ্রামের মাধ্যমে। এদিন গওহর এবং তার স্বামী জায়েদ দরবারের সঙ্গে যৌথভাবে একটি মিষ্টি ইনস্টাগ্রাম অ্যানিমেটেড ভিডিওর মাধ্যমে অভিনেত্রী গর্ভধারণের কথা ঘোষণা করেছেন।

২০২০ সালের ডিসেম্বরে বিয়ে করেন গওহর-জায়েদ। প্রেম করেই গাঁটছড়া বাঁধেন তারা। বিয়ের ঠিক দুই বছরের মাথায় সন্তানের প্রত্যাশা করছেন তারকা যুগল। অভিনেত্রীর ডিনার ডেট হোক বা অন্যকিছু, সবসময়েই তাদের রোমান্স নজর কেড়ে নেয় নেটিজেনদের।

অভিনেত্রীর জীবনের নতুন অধ্যায়ের কথা প্রকাশ্যে আসতেই ভক্ত-অনুগামীদের ভালোবাসা ও শুভেচ্ছা উপচে পড়ছে। ভক্তদের কাছে আশীর্বাদের জন্য অনুরোধও করেছেন তিনি।

এই দম্পতি তাদের পোস্টের ক্যাপশনে লিখেছেন, বিসমিল্লাহহির রাহমানির রহিম। আপনাদের সকলের দোয়া ও ভালোবাসা চাই। মাশাআল্লাহ! আমাদের বিয়ে থেকে শুরু করে এই সুন্দর নতুন যাত্রা পর্যন্ত সবেতেই আপনাদের সঙ্গে পেয়েছি। আমি আশা করি আমার নতুন সূচনাতেও আপনারা আমার সঙ্গে থাকবেন।

গওহরের স্বামী জায়েদ পেশায় একজন অভিনেতা, নৃত্যশিল্পী ও নির্মাতা। তবে তার একটি সেরা পরিচয় তিনি সংগীত পরিচালক ইসমাইল দরবারের ছেলে। গওহর বিগ বস সিজন-৭’র বিজয়ী হয়ে বেশি জনপ্রিয়তা অর্জন করেন। এ ছাড়াও তিনি একাধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন এবং আইটেম গানে নেচেছেন।

ডেইলি-বাংলাদেশ/টিএএস
লিংক সফলভাবে কপি হয়েছে!