ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ বিনোদন ]

কারাগারে মাহি

বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ১৪:৪৪, ১৮ মার্চ ২০২৩
কারাগারে মাহি
ছবি: সংগৃহীত

ডিজিটাল নিরাপত্তা আইনে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চিত্রনায়িকা মাহিয়া মাহিকে গ্রেফতার করা হয়েছে। পরে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। তারই পরিপ্রেক্ষিতে মাহিয়া মাহিকে গাজীপুর কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।

শনিবার (১৮ মার্চ) সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মাহিকে গ্রেফতার করে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ। পরে ৭ দিনের রিমান্ড চেয়ে সেখান থেকে তাকে সরাসরি গাজীপুর চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে পাঠানো হয়। আদালতের বিচারক মো. ইকবাল হোসেন রিমান্ড আবেদন নামঞ্জুর করে তাকে গাজীপুর কারাগারে পাঠানোর আদেশ দেন।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার (এসি মিডিয়া- ডিবি) আসাদুজ্জামান এসব বিষয় নিশ্চিত করেছেন।

Advertisement

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার(এডিসি) রেজওয়ান আহমেদ বলেন, গ্রেফতারের পর বিমানবন্দর থেকে সরাসরি মাহিকে গাজীপুর চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে নেওয়া হয়েছে। সাত দিনের রিমান্ড চেয়ে তাকে আদালতে পাঠানো হয়।

শুক্রবার (১৮ মার্চ) রাতে মারধর, চাঁদাবাজি ও ডিজিটাল নিরাপত্তা আইনে মাহিয়া মাহি ও তার স্বামী রাকিব সরকারের বিরুদ্ধে গাজীপুর মেট্রোপলিটনের বাসন থানায় দুইটি মামলা দায়ের করা হয়। ওই দুই মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সম্প্রতি ওমরা পালন করতে স্বামীর সঙ্গে সৌদি আরব যান মাহি। সেখান থেকে দেশে পৌঁছালে বিমানবন্দর থেকে তাকে গ্রেফতার করা হয়। তার স্বামী রাকিব সরকার পলাতক রয়েছেন। মারধর, চাঁদাবাজি ও জমি দখলের অভিযোগে তাদেরসহ ২৮ জনকে আসামি করে স্থানীয় ইসমাইল হোসেন বাদি হয়ে একটি  মামলা দায়ের করেন। এছাড়া বাসন থানার উপ-পরিদর্শক (এসআই) মো. রোকন মিয়া বাদী হয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে তাদের (মাহি ও রাকিব) বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন।

সৌদি আরব থেকে শুক্রবার (১৭ মার্চ) সকালে ফেসবুক লাইভে স্বামী রাকিব সরকারের গাড়ির শোরুমে হামলা ও ভাঙচুরের অভিযোগ করেন মাহি। তিনি ফেসবুক লাইভে বলেন- তার স্বামীর গাড়ির শো-রুম সনিরাজ কার প্যালেসের গেট ভেঙে ইসমাইল হোসেন ও মামুন সরকারের নেতৃত্বে হামলা ও ভাঙচুর করা হয়।

ডেইলি-বাংলাদেশ/টিএএস
লিংক সফলভাবে কপি হয়েছে!