শ্রাবণ্য জানালেন, চলতি রমজানে ক্রিকেট শো, কুকিং শো, সেলিব্রেটি শো ও অন্যান্য শো নিয়ে ভীষণ ব্যস্ত সময় কেটেছে। এর মাঝে দুটো নাটকের কাজ করেছি। সবসময় দর্শকরা আমাকে অভিনয়ে দেখার ইচ্ছা পোষণ করেন। অভিনয়ের প্রতি আমার ভালোবাসা আছে। সেজন্যই উৎসব উপলক্ষে বানানো নাটকে অভিনয় করি। একটি নাটক আরটিভিতে প্রচার হবে। যেটি পরিচালনা করেছেন মাবরূর রশীদ বান্নাহ।
এরপর আর্দ্র গলায় শ্রাবণ্য বললেন, আরেকটি নাটক আর কখনো প্রচার হবে না। সেটি চিরতরে হারিয়ে গেছে। কষ্ট লাগে যখন প্রযোজকের অর্থ এবং সংশ্লিষ্ট অভিনয়শিল্পী ও অন্যান্যদের দেয়া শ্রম, সময় এভাবে মূল্যহীন হয়ে পড়ে।
.png)
অভিনয়ের বাইরে শ্রাবণ্যকে নিয়মিত দেখা যাবে ঈদের অনুষ্ঠান উপস্থাপনায়। তিনি জানালেন, ঈদের দিন সন্ধ্যা পর্যন্ত পরিবার ও বন্ধুদের সময় দিব। সন্ধ্যার পর থেকে লাইভ শো শুরু হবে। আইপিএল চলছে। আরটিভিতে মিউজিক্যাল শো হবে। চ্যানেল ২৪ এ প্রচার হবে ঈদের সেলিব্রেটি শো ‘শাইন উইদ শ্রাবণ্য’। এ ছাড়া তিনটি শো–তে অতিথি হিসেবে থাকছি।
শ্রাবণ্য জানালেন গরমের জন্য ঈদে আরামদায়ক সুতি পোশাক পরবেন তিনি। সারাবছর শপিং করা হয় বলে ঈদের জন্য আলাদাভাবে শপিং করেননি তিনি। এবার সময়ও পাননি শপিংয়ের। তার পছন্দের ডিজাইনারদের বলে দিয়েছেন, ঈদের দিন ও শো–এর জন্য পোশাক চলে এসেছে বাসায়।
শ্রাবণ্য ঈদের দিন রান্না করবেন রোস্ট, কাচ্চি বিরিয়ানি, কাস্টার্ড, পায়েস ও বোরহানি। আর বড়দের কাছ থেকে সংগ্রহ করবেন সালামি। তিনি হাসতে হাসতে বললেন, আমি বাসার ছোট। তাই এখনো সালামি পাই। সালামি পেতে ভালো লাগে। একদম ৩-৪ বছর বয়স থেকে সালামি পাচ্ছি। আর ডাক্তার হবার পর থেকে সালামি দিচ্ছি।