ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ বিনোদন ]

আতিফ আসলামের কনসার্টের আয়োজক ‘ইভেন্ট সাজাই’কে কালো তালিকাভুক্ত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৬:৩৪, ২৭ জুলাই ২০২৬
আতিফ আসলামের কনসার্টের আয়োজক ‘ইভেন্ট সাজাই’কে কালো তালিকাভুক্ত
পাকিস্তানি সংগীতশিল্পী আতিফ আসলাম

পাকিস্তানি সংগীতশিল্পী আতিফ আসলামের কনসার্টে চরম অব্যবস্থাপনা, পূর্বানুমোদন ছাড়া ভেন্যু পরিবর্তন এবং দর্শক ও শিল্পীদের নিরাপত্তা বিঘ্নিত করার অভিযোগে আয়োজক প্রতিষ্ঠান ‘ইভেন্ট সাজাই’-কে কালো তালিকাভুক্ত করার নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। একই সঙ্গে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণেরও নির্দেশ দেওয়া হয়েছে।

সোমবার (২৭ জুলাই) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিরাপত্তা-২ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়। নির্দেশনায় উল্লেখ করা হয়, গত ২৪ জুলাই ঢাকার মিরপুরের ক্রিকেটার্স একাডেমিতে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানটির জন্য নির্ধারিত শর্ত ভঙ্গ করে আয়োজক কর্তৃপক্ষ কোনো ধরনের পূর্বানুমোদন ছাড়াই ভেন্যু পরিবর্তন করে। এর ফলে অনুষ্ঠানস্থলে ব্যাপক বিশৃঙ্খলা দেখা দেয়। যা আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কা তৈরি করে এবং দর্শকদের মাঝে তীব্র অসন্তোষ সৃষ্টি করে। এছাড়া এই বিশৃঙ্খলার কারণে আমন্ত্রিত বিদেশি শিল্পী ও কলাকুশলীদের নিরাপত্তাও মারাত্মক হুমকির মুখে পড়ে।

ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যম ও মূলধারার গণমাধ্যমে তীব্র নেতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি হয়। মূলত দর্শক ব্যবস্থাপনায় চরম দুর্বলতা, পর্যাপ্ত প্রস্তুতির অভাব এবং সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হওয়ার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই আয়োজক প্রতিষ্ঠানের বিরুদ্ধে এই পদক্ষেপ নেওয়া হলো।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এস আই এস
লিংক সফলভাবে কপি হয়েছে!