ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ বিনোদন ]

অমিত হাসান ধর্ম পালনে অভিনয় ছাড়ার পক্ষে নন

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ০০:৪৭, ২ সেপ্টেম্বর ২০২৬
অমিত হাসান ধর্ম পালনে অভিনয় ছাড়ার পক্ষে নন
চিত্রনায়ক অমিত হাসান ।। ছবি: সংগৃহীত

ঢাকাই সিনেমার পর্দায় নিয়মিত দেখা মিলত অমিত হাসানের। নব্বইয়ের দশক থেকে দীর্ঘ সময় নায়ক হিসেবে দর্শকের ভালোবাসা কুড়িয়েছেন তিনি। সময়ের সঙ্গে অভিনয়ের ধরন বদলেছেন, নায়ক থেকে বিভিন্ন চরিত্রে নিজেকে মেলে ধরেছেন। সেই পথেও নিজের অবস্থান ধরে রাখতে সক্ষম হয়েছেন এই অভিনেতা।

তবে বর্তমানে আগের মতো নিয়মিত বড়পর্দায় দেখা যায় না অমিত হাসানকে। বেছে বেছে কাজ করছেন তিনি। দীর্ঘ সময় ধরে যুক্তরাষ্ট্রেও বসবাস করছেন এই অভিনেতা। এরই মধ্যে হঠাৎ বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (বিএফডিসি) হাজির হন তিনি। দীর্ঘদিন পর এফডিসিতে এসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নিজের ব্যক্তিজীবন, ধর্মচর্চা এবং অভিনয় নিয়ে খোলামেলা কথা বলেন অমিত হাসান।

Advertisement

ধর্মীয় অনুশীলন আর অভিনয়- দুটিকে নিজের কাছে সম্পূর্ণ আলাদা বিষয় হিসেবে দেখেন এই অভিনেতা। ধর্ম পালন করতে গিয়ে অভিনয় ছেড়ে দেওয়ার প্রয়োজন আছে বলে মনে করেন না তিনি। বরং নিজের পেশার দায়িত্ব পালনের পাশাপাশি ধর্মীয় কর্তব্যও পালন করে যেতে চান।

অমিত হাসান বলেন, ‘ধর্মটা নিজের কাছে। আমি চলচ্চিত্রে অভিনয় করছি দেখে ধর্ম করব না, আবার ধর্ম করব দেখে চলচ্চিত্রও ছেড়ে দেব বিষয়টা এমন নয়। হয়তো ম্যান টু ম্যান ভ্যারি করে ব্যাপারটা। যার যার ব্যক্তিগত চিন্তা থাকতে পারে। কিন্তু আমার কথা হচ্ছে, আমার ধর্ম-কর্ম আমার কাছে।

অভিনয়কে শুধু পেশা নয়, নিজের পরিচয়েরও গুরুত্বপূর্ণ অংশ মনে করেন অমিত হাসান। তার দীর্ঘ ক্যারিয়ারে এই পেশার মাধ্যমেই দর্শকের ভালোবাসা পেয়েছেন, পাশাপাশি পরিবারের দায়িত্বও পালন করেছেন। তাই অভিনয়কে হঠাৎ করে জীবন থেকে বাদ দেওয়ার কোনো কারণ দেখেন না তিনি।

এ প্রসঙ্গে অভিনেতা বলেন, ‘এফডিসি বা অভিনয় হচ্ছে আমার কর্ম। আজ মানুষ আমাকে অমিত হাসান হিসেবে চেনে আমার কাজের কারণে। এই কাজের মাধ্যমেই আমি মানুষের ভালোবাসা পেয়েছি। আমার পরিবারও এই পেশার মাধ্যমে চলেছে।

ধর্মীয় দায়িত্ব পালনের বিষয়েও নিজের অবস্থান স্পষ্ট করেছেন এই অভিনেতা। নিয়মিত ইবাদত করার পাশাপাশি অভিনয় চালিয়ে যাওয়ার কথা জানিয়ে তিনি বলেন, ‘আমি অবশ্যই আল্লাহকে ডাকব, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ব, রোজা করব, হজ করব। এগুলো আমার ধর্মীয় দায়িত্ব। পাশাপাশি অভিনয়ও করব। কারণ এই অভিনয়ের মাধ্যমেই মানুষ আমাকে চিনেছে।

ধর্ম এবং কর্মকে পৃথক জায়গা থেকে দেখার কথা জানিয়ে অমিত হাসান আরও বলেন, ‘আমার ব্যক্তিগত অভিমত হচ্ছে, ধর্ম এক জিনিস, কর্ম আরেক জিনিস। দুটোকে আমি নিজের জায়গা থেকে পালন করার চেষ্টা করি। আল্লাহ আছেন, আমি সবসময় সৎভাবে কাজ করার চেষ্টা করেছি। পাশাপাশি ধর্ম পালন করারও চেষ্টা করেছি।

নিজের ধর্মীয় জীবন কিংবা পেশাগত কর্মকাণ্ডের মূল্যায়ন মানুষের হাতে ছেড়ে দিতে চান না অমিত হাসান। তিনি মনে করেন, তিনি নিজের দায়িত্ব কতটা ঠিকভাবে পালন করতে পেরেছেন, তার প্রকৃত বিচার সৃষ্টিকর্তাই করতে পারেন।

অভিনেতা বলেন, ‘আমি কতটা ভালো করতে পেরেছি, কতটা পারিনি সেটা আল্লাহই ভালো জানেন।

ডেইলি-বাংলাদেশ/এম এ
লিংক সফলভাবে কপি হয়েছে!