বিশ্ববরেণ্য সংগীতশিল্পী ড. ভূপেন হাজারিকার আজ ১০০তম জন্মবার্ষিকী। গানকে জীবনের প্রতিচ্ছবি হিসেবে তুলে ধরা এই কালজয়ী শিল্পী ১৯২৬ সালের ৮ সেপ্টেম্বর ভারতের আসামের সদিয়ায় জন্মগ্রহণ করেন।
অসমীয়া চলচ্চিত্রে গান গাওয়ার মধ্য দিয়ে সংগীতজীবন শুরু করেন ভূপেন হাজারিকা। পরবর্তী সময়ে বাংলা ও হিন্দি ভাষার গানেও তিনি ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন। ভারত ও বাংলাদেশসহ পুরো উপমহাদেশে ছড়িয়ে পড়ে তার খ্যাতি।
.png)
সংগীতের পাশাপাশি শিক্ষাজীবনেও অসাধারণ কৃতিত্বের অধিকারী ছিলেন তিনি। ১৯৫২ সালে যুক্তরাষ্ট্রের কলম্বিয়া ইউনিভার্সিটি থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। সেখানে পড়াশোনার সময় কৃষ্ণাঙ্গ শিল্পী ও নাগরিক অধিকার আন্দোলনের অন্যতম নেতা পল রোবসনের সংস্পর্শে আসেন তিনি।
রোবসনের বিখ্যাত ‘ও'ল ম্যান রিভার’ গান থেকে অনুপ্রাণিত হয়ে ভূপেন হাজারিকা গঙ্গা ও ব্রহ্মপুত্রের স্রোতের সঙ্গে মানুষের দীর্ঘশ্বাস ও বঞ্চনার গল্পকে মিশিয়ে সৃষ্টি করেন কালজয়ী গান ‘বিস্তীর্ণ দুপারের অসংখ্য মানুষের হাহাকার শুনেও’।
তার আরেক বিখ্যাত গান ‘মানুষ মানুষের জন্য’ ২০০৬ সালে বিবিসি বাংলার শ্রোতা জরিপে সর্বকালের সেরা ২০টি বাংলা গানের তালিকায় দ্বিতীয় স্থান অর্জন করে।
ভূপেন হাজারিকার গানে উঠে এসেছে নদী, নদীপাড়ের শ্রমজীবী মানুষের জীবনসংগ্রাম, শোষণ-বঞ্চনার বিরুদ্ধে প্রতিবাদ এবং মানবতার সার্বজনীন বার্তা। তার জনপ্রিয় সৃষ্টির মধ্যে রয়েছে ‘আমি এক যাযাবর’, ‘আজ জীবন খুঁজে পাবি’, ‘গঙ্গা আমার মা’, ‘আমায় ভুল বুঝিস না’ ও ‘হে দোলা হে দোলা’সহ অসংখ্য গান।
২০১১ সালের ৫ নভেম্বর ৮৫ বছর বয়সে মৃত্যুবরণ করেন এই সুরসাধক। সংগীত ও সংস্কৃতিতে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ২০১৯ সালে তাকে ভারতের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা ‘ভারতরত্ন’ মরণোত্তর প্রদান করা হয়।