ঢালিউডের শীর্ষ তারকা শাকিব খান দুই মাসের যুক্তরাষ্ট্র সফর শেষে ঢাকায় ফিরেছেন। দীর্ঘ এই সফর শেষে মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। দেশে ফিরেই এখন ব্যস্ত হয়ে উঠতে হচ্ছে এই অভিনেতাকে। সামনে রয়েছে একাধিক সিনেমার কাজ।
গত ২ জুলাই রাতে যুক্তরাষ্ট্রের উদ্দেশে ঢাকা ছাড়েন শাকিব খান। প্রায় দুই মাসের সফরে ব্যক্তিগত কাজের পাশাপাশি ব্যবসায়িক কিছু দায়িত্বও সামলেছেন তিনি। নির্ধারিত কাজগুলো শেষ করেই দেশে ফেরার সিদ্ধান্ত নেন এই অভিনেতা। যুক্তরাষ্ট্রে যাওয়ার আগেই নতুন সিনেমায় চুক্তিবদ্ধ হওয়ার খবর দেন শাকিব। মেহেদী হাসান হৃদয়ের পরিচালনায় নির্মিতব্য সিনেমাটিতে অভিনয়ের জন্য চুক্তি করেন তিনি।
.png)
শিগগির শুরু হওয়ার কথা রয়েছে সিনেমাটির শুটিং। ফলে দেশে ফেরার পর খুব বেশি সময় অবসর কাটানোর সুযোগ পাচ্ছেন না এই তারকা। তবে নতুন সিনেমায় ক্যামেরার সামনে দাঁড়ানোর আগে পুরোনো একটি কাজ শেষ করবেন শাকিব। আগামী সপ্তাহে ‘সোলজার’ সিনেমার বাকি থাকা কয়েকটি দৃশ্যের শুটিংয়ে অংশ নেওয়ার কথা রয়েছে তার। এই কাজ শেষ করেই নতুন সিনেমার শুটিংয়ে যোগ দেবেন তিনি।
দীর্ঘ সময়ের জন্য যুক্তরাষ্ট্রে থাকা শাকিব খানের জন্য অবশ্য নতুন কিছু নয়। এর আগেও সিনেমার শুটিং, পারিবারিক প্রয়োজন এবং ব্যক্তিগত নানা কাজে একাধিকবার দেশটিতে অবস্থান করেছেন তিনি। এবারও সফরের পেছনে ব্যক্তিগত ও ব্যবসায়িক কাজের পাশাপাশি ছিল দীর্ঘ সময় যুক্তরাষ্ট্রে থাকার নিয়মিত প্রক্রিয়া। শাকিব খান যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ডধারী। তাই বছরের নির্দিষ্ট একটি সময় তাকে সেখানে অবস্থান করতে হয়।
এবারের দুই মাসের সফরেও সেই বিষয়টি বিবেচনায় ছিল। সফর শেষে দেশে ফিরেই এখন ফের চলচ্চিত্রের কাজে মনোযোগ দিতে যাচ্ছেন ঢালিউডের এই জনপ্রিয় অভিনেতা। ‘সোলজার’-এর বাকি কাজ শেষ করার পর নতুন সিনেমার শুটিং—সব মিলিয়ে আগামী দিনগুলো বেশ ব্যস্ততার মধ্য দিয়েই কাটবে শাকিবের।
ফলে যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফেরার পর দর্শকদের সামনে আবারও নিয়মিতভাবে নতুন কাজ নিয়ে হাজির হওয়ার প্রস্তুতি নিচ্ছেন তিনি।