ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ বিনোদন ]

মাহমুদা মাহার রহস্যঘেরা গল্প ‘শয়তানের নিঃশ্বাস’

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ০৭:১৪, ৩ সেপ্টেম্বর ২০২৬
মাহমুদা মাহার রহস্যঘেরা গল্প ‘শয়তানের নিঃশ্বাস’
ছবি: সংগৃহীত

অভিনয়ের পর্দায় এবার ভিন্ন আবহের চরিত্র নিয়ে হাজির হয়েছেন উপস্থাপিকা ও অভিনেত্রী মাহমুদা মাহা। ‘শয়তানের নিঃশ্বাস’ নামে নতুন একক নাটকে তাকে দেখা গেছে আবেগ ও রহস্যে ঘেরা একটি চরিত্রে।

প্রেমের গল্পের আড়ালে থাকা অন্ধকার সত্য, অবিশ্বাস আর মানসিক দ্বন্দ্বই নাটকটির গল্পে গুরুত্ব পেয়েছে। নুসরাত নাহার লাবণ্যর চিত্রনাট্যে নাটকটি নির্মাণ করেছেন শাব্দিক শাহিন। এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন মাহমুদা মাহা। চরিত্রটির মধ্যে যেমন আবেগ রয়েছে, তেমনি গল্পের পরিস্থিতি অনুযায়ী রয়েছে রহস্যময়তাও।

Advertisement

ফলে অভিনয়ের দিক থেকে কাজটি মাহার জন্য বেশ চ্যালেঞ্জিং ছিল বলে জানিয়েছেন তিনি। গতানুগতিক চরিত্রের বাইরে গিয়ে অভিনয়ের সুযোগ পেলেই আগ্রহী হন মাহা। ‘শয়তানের নিঃশ্বাস’-এর গল্প ও চরিত্রও তাকে আকৃষ্ট করেছে।

নাটকটি প্রসঙ্গে মাহমুদা মাহা বলেন, ‘নাটকটির চিত্রনাট্য এক কথায় অসাধারণ। আমরা সচরাচর যে ধরনের প্রেমের গল্প পর্দায় দেখি, এটি তার চেয়ে একদম আলাদা। ভালোবাসার মানুষের আড়ালে যখন কোনো অন্ধকার গোপন রহস্য লুকিয়ে থাকে, তখন একজন মানুষের মানসিক অবস্থা কেমন হয়তা ফুটিয়ে তোলাই ছিল বড় চ্যালেঞ্জ। আশা করি, দর্শক কাজটি পছন্দ করবেন।’

‘শয়তানের নিঃশ্বাস’-এ মাহার সঙ্গে অভিনয় করেছেন আবু হুরায়রা তানভীর, কাজী আনিসুল হক বরুণ, মৌ শিখা, এম এ শাইম, সাব্বির আহমেদ শ্রাবণসহ আরও অনেকে। নাটকটি সম্প্রতি মাছরাঙা টেলিভিশনে প্রচার হবে। মঞ্চ দিয়ে শোবিজে পথচলা শুরু মাহার। থিয়েটারের অভিজ্ঞতা কাজে লাগিয়ে ২০১৭ সালের দিকে উপস্থাপনায় যুক্ত হন তিনি।

এরপর নিজের বাচনভঙ্গি ও সাবলীল উপস্থাপনার মাধ্যমে কনসার্ট, করপোরেট অনুষ্ঠান ও টেলিভিশনে ব্যস্ততা তৈরি করেন। পাশাপাশি অভিনয়েও নিয়মিত হওয়ার চেষ্টা করছেন এই শিল্পী। এরই মধ্যে নাটকের পাশাপাশি সিনেমাতেও কাজ করেছেন তিনি।

ডেইলি-বাংলাদেশ/এম এ
লিংক সফলভাবে কপি হয়েছে!