বিয়ে নিয়ে সমালোচনার জবাব, ‘নাস্তিক হলে বিয়ে করার কী দরকার?’
সংগীতশিল্পী ও অভিনেত্রী পারশা মাহজাবীন পূর্ণীর বিয়ে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা-সমালোচনা চলছে। বিশেষ করে তার স্বামী ব্লগার আসাদ নূরের ধর্মীয় বিশ্বাস নিয়ে তৈরি হয়েছে নানা বিতর্ক। এবার এসব সমালোচনার জবাব দিয়ে নিজের অবস্থান, পারিবারিক মূল্যবোধ, ধর্মীয় চিন্তাধারা ও স্বামীর অতীত জীবন নিয়ে বিস্তারিত বক্তব্য দিয়েছেন পারশা।
সম্প্রতি নিজের ফেসবুক পেজে বিয়ের কয়েকটি ছবি প্রকাশ করেন এই শিল্পী। তবে ছবিতে স্বামীর মুখ আড়াল করে রাখেন তিনি। এরপর থেকেই তার বিয়ে ও স্বামীর পরিচয় নিয়ে শুরু হয় নানা জল্পনা। পরে গত ১০ নভেম্বর বাংলাদেশ সময় রাত সাড়ে ১২টার দিকে ফেসবুক লাইভে এসে পারশাকে বিয়ে করার কথা স্বীকার করেন ব্লগার আসাদ নূর।
এরপর মঙ্গলবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দীর্ঘ এক স্ট্যাটাস দেন পারশা। সেখানে সমালোচকদের উদ্দেশে প্রশ্ন তুলে তিনি লেখেন, ‘নাস্তিক হলে বিয়ে করার কী দরকার?’
বিয়ে ও সন্তান নিয়ে পারশার ভাবনা
স্ট্যাটাসে পারশা বলেন, বিয়ে কোনো ধর্মের একক বা নিজস্ব প্রথা নয়। ইসলামের আবির্ভাবের বহু আগে থেকেই পৃথিবীর বিভিন্ন সভ্যতায় বিবাহের সামাজিক ও আইনগত স্বীকৃতি ছিল। তার কাছে বিয়ে বিলাসিতা নয়, বরং সামাজিক ও মানসিক প্রয়োজন।
সন্তান লালন-পালনের প্রবল আগ্রহ থেকেই বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন জানিয়ে তিনি বলেন, সন্তানদের জন্য একজন স্নেহশীল, দায়িত্ববান ও যত্নশীল বাবা চেয়েছিলেন। আসাদের মধ্যে সেই মানুষটিকেই খুঁজে পেয়েছেন।
স্বামীর প্রশংসা করে পারশা লেখেন, আসাদের মতো যত্নবান, সাহসী, আন্তরিক ও দায়িত্বশীল পুরুষ তিনি তার বাবা ছাড়া আগে কখনো পাননি। আসাদের প্রতিটি কথা, নীরবতা, কাজ এবং পোষা প্রাণীদের প্রতি তার যত্ন তাকে মুগ্ধ করে। এমন একজন জীবনসঙ্গী চেয়েছিলেন, যিনি তাকে ভালোবাসার পাশাপাশি তার কাজকে সম্মান করবেন এবং অনুভূতি বুঝবেন।
ধর্মীয় বিশ্বাস নিয়ে বিতর্কের জবাব
আসাদের ধর্মীয় বিশ্বাসের সঙ্গে অনেকেই একমত নাও হতে পারেন, এমনকি তার অনেক বক্তব্য পারশার নিজেরও অপছন্দ হতে পারে বলে উল্লেখ করেন তিনি। তবে শুধু ‘নাস্তিক’ কিংবা ‘ধর্মহীন’ পরিচয়ে একজন মানুষকে বিচার করা উচিত নয় বলে মনে করেন এই শিল্পী। তার আহ্বান, আসাদকে একজন মানুষ এবং তার জীবনসঙ্গী হিসেবে বিবেচনা করা হোক।
নিজের পরিবারের অবস্থান তুলে ধরে পারশা জানান, প্রথমে তার বাবা-মা এই বিয়েতে রাজি ছিলেন না। তারা নিজেদের উদ্বেগ ও আশঙ্কার কথা জানিয়েছেন, তবে ব্যক্তিস্বাধীনতায় বিশ্বাসী হওয়ায় শেষ পর্যন্ত তার সিদ্ধান্তে বাধা দেননি।
তার বড় ভাই একজন ধর্মপ্রাণ মুসলিম। ইসলামের ওপর তার লেখা বই ও গবেষণাও রয়েছে। ভাবি নিকাব করেন এবং পরিবারের মধ্যেও পর্দার নিয়ম মেনে চলা হয়। কিন্তু পরিবারের কেউ কখনো তার গানবাজনা কিংবা ব্যক্তিগত জীবনযাপন নিয়ে আপত্তি জানাননি।
পারশার ভাষ্য, পরিবার তাকে ধর্মীয় পরিচয়ের আগে মানুষ হতে শিখিয়েছে। মানুষের প্রতি ভালোবাসা, শ্রদ্ধা ও সহমর্মিতাকেই মনুষ্যত্বের প্রধান পরিচয় হিসেবে দেখেছেন তারা।
ধর্মের নামে নারীবিদ্বেষের বিরোধিতা
ধর্ম পালন করা মানুষের সঙ্গে তার কোনো বিরোধ নেই জানিয়ে পারশা বলেন, ধর্মকে ব্যবহার করে মানুষের ওপর কর্তৃত্ব প্রতিষ্ঠা, বিদ্বেষ ছড়ানো ও রাজনৈতিক স্বার্থ হাসিলের বিরুদ্ধে তার অবস্থান।
বিশেষ করে ওয়াজ মাহফিলের নামে নারীর শরীর, পোশাক ও ব্যক্তিস্বাধীনতা নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের সমালোচনা করেন তিনি। তার মতে, ধর্মীয় মঞ্চ কোনো নারীর চরিত্রহননের আদালত হতে পারে না। একজন নারীর জীবন, শরীর ও সিদ্ধান্তের ওপর কর্তৃত্ব করার অধিকার একমাত্র তার নিজের।
নিজের শিল্পীসত্তা নিয়েও খোলামেলা কথা বলেছেন পারশা। গানবাজনা, ছবি আঁকা ও অভিনয় তার জীবনের অবিচ্ছেদ্য অংশ। ইসলামের কিছু কঠোর ব্যাখ্যায় এসব বিষয়ে বিধিনিষেধ থাকলেও শিল্পকে বিসর্জন দেওয়া তার কাছে নিজের সত্তাকে অস্বীকার করার শামিল।
তবে ইসলাম থেকে পাওয়া সততা, সহমর্মিতা, দানশীলতা ও মানুষের উপকার করার শিক্ষাগুলো এখনো ধারণ করেন বলে জানিয়েছেন তিনি। ধর্মীয় অনুশাসন পুরোপুরি মেনে চলতে না পারলে শুধু সামাজিক স্বীকৃতির জন্য ধার্মিকতার অভিনয় করার কোনো অর্থ নেই বলেও মনে করেন এই শিল্পী।
নিজের জীবনযাপনের প্রসঙ্গে পারশা জানান, তিনি কখনো ধূমপান, মাদক কিংবা নেশাজাতীয় কিছু গ্রহণ করেননি। কারও ক্ষতি বা প্রতারণা করেননি। বরং পশুপাখির যত্ন নেওয়া এবং সব শ্রেণি-পেশার মানুষকে সম্মান দিয়ে কথা বলার চেষ্টা করেছেন।
কেমন ছিল আসাদ নূরের অতীত জীবন
দুজনের বেড়ে ওঠার পরিবেশ সম্পূর্ণ আলাদা ছিল বলেও স্ট্যাটাসে উল্লেখ করেন পারশা। নিজের পারিবারিক অবস্থার বর্ণনা দিয়ে তিনি জানান, উত্তরবঙ্গের একটি নামকরা স্কুলে পড়াশোনা করেছেন তিনি। তার বাবা পিএইচডিধারী অধ্যাপক। পরিবারে শিক্ষা, সংস্কৃতি ও শিল্পচর্চার পরিবেশ ছিল। ছোটবেলা থেকেই বাবা-মায়ের সহযোগিতা ও ভালোবাসা পেয়েছেন।
অন্যদিকে আসাদের বেড়ে ওঠা ছিল সম্পূর্ণ ভিন্ন পরিবেশে। তার বাবা একজন হাইস্কুল শিক্ষক এবং পরিবার ছিল ধর্মপ্রাণ। দাদার শেষ ইচ্ছা পূরণ করতে আসাদের বাবা তাকে মাদরাসায় ভর্তি করান। পঞ্চম শ্রেণি পর্যন্ত সেখানে পড়াশোনা করেন তিনি। ছোটবেলায় মক্তবে আজান দেওয়ার পাশাপাশি ওয়াজ মাহফিলে হামদ-নাতও পরিবেশন করতেন।
পারশার দাবি, মাদরাসায় পড়ার সময় আসাদ গুরুতর শারীরিক নির্যাতনের শিকার হয়েছিলেন। বিষয়টি জানতে পেরে তার বাবা তাকে নিজের স্কুলে ভর্তি করিয়ে দেন। তবে ওই অভিজ্ঞতার পরও আসাদ ধর্মীয় অনুশাসন মেনে চলতেন এবং নিয়মিত নামাজ পড়তেন।
পরবর্তী সময়ে কৈশোরে একটি প্রেমের সম্পর্ককে কেন্দ্র করে ধর্মীয় বিধিনিষেধের মুখোমুখি হন আসাদ। পারশার বর্ণনা অনুযায়ী, প্রেমকে হারাম বিবেচনা করে তৈরি হওয়া পরিস্থিতিতে আসাদ ও ওই তরুণীর জীবন বিপর্যস্ত হয়ে পড়ে। দুই পরিবারের চেষ্টা সত্ত্বেও সমস্যার সমাধান হয়নি। ওই ঘটনার পর থেকেই ধর্মীয় বিশ্বাস নিয়ে আসাদের মনে নানা প্রশ্ন তৈরি হয়। দীর্ঘদিন পড়াশোনা, অনুসন্ধান ও নিজস্ব বিচার-বিশ্লেষণের পর একসময় তিনি ধর্মবিশ্বাস থেকে সরে আসেন বলে জানান পারশা।
কারাবাস ও পরিবার থেকে বিচ্ছিন্ন হওয়ার গল্প
বাংলাদেশে মুক্তচিন্তার লেখক ও ব্লগারদের ওপর হামলা এবং হত্যাকাণ্ডের সময় আসাদও বিভিন্ন ঘটনার সঙ্গে জড়িয়ে পড়েন বলে উল্লেখ করেন পারশা। মাদরাসায় শিশু নির্যাতনের প্রতিবাদ করে সামাজিক যোগাযোগমাধ্যমে লেখার কারণে তার বিরুদ্ধে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে মামলা হয় এবং দীর্ঘ সময় কারাবন্দি থাকতে হয় বলে দাবি করেন তিনি।
পারশার ভাষ্য, এসব ঘটনার কারণে আসাদ পরিবার থেকেও বিচ্ছিন্ন হয়ে পড়েন। প্রায় ১০ বছর ধরে মায়ের সঙ্গে তার দেখা হয়নি।
তবে অতীত অভিজ্ঞতার ভিত্তিতে আসাদকে বিচার না করার আহ্বান জানিয়েছেন পারশা। তার মতে, সামাজিক প্রত্যাখ্যান ও জীবনের নানা অভিজ্ঞতা আসাদের ব্যক্তিত্বে প্রভাব ফেলেছে। কিন্তু বর্তমানে তিনি অনেকটাই বদলে গেছেন। জীবনকে নতুনভাবে দেখছেন, শিখছেন এবং নিজের ভুলত্রুটি নিয়ে ভাবছেন।
বাংলাদেশ ও বাংলা সংস্কৃতির প্রতি ভালোবাসা
কানাডায় থাকলেও আসাদের বাংলাদেশ ও বাংলা সংস্কৃতির প্রতি গভীর ভালোবাসা রয়েছে বলে জানিয়েছেন পারশা। দেশীয় খাবার, বাংলা ভাষা ও সংস্কৃতির সঙ্গে তার নিবিড় সম্পর্ক রয়েছে। ধর্মীয় বিশ্বাস আলাদা হলেও দেশের প্রতি ভালোবাসা কিংবা সমাজের জন্য কাজ করার আকাঙ্ক্ষা আলাদা হওয়ার কথা নয় বলে মনে করেন তিনি।
স্ট্যাটাসের শেষাংশে নিজের দেশ, শেকড় ও সাংস্কৃতিক পরিচয়ের প্রসঙ্গ তুলে ধরেন এই শিল্পী। তার কথায়, বাংলাদেশ তার দেশ। এ দেশের মানুষ, নদ-নদী, পশুপাখি, গানবাজনা, ভাষা ও সংস্কৃতি তার অস্তিত্বের অংশ। কোনো ধর্মীয় পরিচয় কিংবা অন্য কারও অনুমতির ওপর দেশের সঙ্গে তার সম্পর্ক নির্ভর করে না।
ভাষা আন্দোলনের ইতিহাস টেনে পারশা আরও লেখেন, নিজের শেকড় অস্বীকার করা যদি এত সহজ হতো, তাহলে অনেকেই হয়তো আজ বাংলাকে বিসর্জন দিয়ে উর্দুতে কথা বলতেন।
বিয়ের খবর প্রকাশের পর থেকে চলা বিতর্কের মধ্যে পারশার এই দীর্ঘ বক্তব্য নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। একই সঙ্গে আসাদ নূরের অতীত জীবন, ধর্মীয় বিশ্বাস ও ব্যক্তিগত সম্পর্ক নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিতর্ক আরও বিস্তৃত হয়েছে।