শরীরে ৮৬৪ পোকার ট্যাটু করে বিশ্ব রেকর্ড গড়লেন যুবক
শখের তোলা আশি টাকা! আসলে আমরা বুঝি তাই। সাধারণ মানুষদের স্বপ্ন আর শখ সবই হয়ে থাকে সাধারণ। আর অসাধারণ মানুষদের শখগুলোও যেন তাদের মতো। ঠিক যেমন- যুক্তরাষ্ট্রের একজন ব্যক্তি নিজের শরীরে ৮৬৪ পোকার ট্যাটু করেছে। আর এ কারণে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডে নাম লিখিয়েছেন।
নাম তার মাইকেল অ্যামোইয়া। বয়স ২১ বছর। তার শরীরে ৮৬৪টি পোকার ট্যাটু আঁকায় ২০২১ সালের ২৮ অক্টোবর গিনেস কর্তৃপক্ষ বিশ্ব রেকর্ডের স্বীকৃতি দিয়েছে।
গিনেস কর্তৃপক্ষ জানায়, মাইকেল অ্যামোইয়ার তার বাহুতে প্রথমে লাল রানি পিঁপড়ার ট্যাটু আঁকেন। এরপর বিটল, পিঁপড়া, ইয়ারউইগ ও মথসহ বিভিন্ন পোকার ট্যাটু আঁকা হয় তার শরীরে। যার সংখ্যা দাঁড়িয়েছে ৮৬৪টিতে।
.png)
গলা এবং বুকজুড়ে একটি ১৩ ইঞ্চি মথের ট্যাটু আঁকা রয়েছে। বাম বাহুতে রয়েছে ৮৯টি পিঁপড়া। বাহু থেকে তার বাইসেপ পর্যন্ত রয়েছে আরো ৩৬টি। পেটের ডান পাশে জায়গা করে নিয়েছে ২৩টি লাল পিঁপড়া।
ডান চোখের উপরও বাদ যায়নি। একটি ২.৫ ইঞ্চির বিটল সেখানে জায়গা করে নিয়েছে। আর ডান কানের পেছনে রয়েছে একটি ২.৫ ইঞ্চি ইয়ারউইগ।
তবে এমন নয় যে, মাইকেল পোকামাকড় খুব পছন্দ করেন। আদতে মাইকেল পোকামাকড় ভীষণ ভয় পান। এজন্যই শরীরে পোকার ট্যাটু করেছেন। যেন সব সময় এগুলো দেখতে পান। ফলে পোকা ভীতিও দূর হবে তার।
তবে মাইকেলের শরীরে মাকড়সা এবং দুটি বিশাল মিলিপিডের ট্যাটু রয়েছে। যেগুলো রেকর্ডের জন্য গণনায় ধরা হয়নি। কারণ মাকড়সা এবং মিলিপিড পোকা নয়। মাকড়সা হলো আরাকনিড এবং মিলিপিড মাইরিয়াপড।
মাইকেলের আগে আরো তিনজন এই রেকর্ড অর্জন করেছিলেন। ২০২১ সালের ৭ আগস্ট যুক্তরাজ্যের বাসিন্দা ব্যাক্সটার মিলসম। তার শরীরে ছিল ৪০২টি কীটপতঙ্গের ট্যাটু। ব্যাক্সটারের শরীরে অ্যালিগেটর বাগ থেকে শুরু করে জেব্রা সোয়ালোটেল প্রজাপতির ট্যাটু।
২০১৮ সালের ৩০ নভেম্বর যুক্তরাষ্ট্রের বাসিন্দা জোশুয়া থর্নটন করেছিলেন এই রেকর্ড। ২৮১টি কীটপতঙ্গ দিয়ে আগের রেকর্ড ভেঙেছিলেন তিনি। একদিনেই তিনি তার শরীরের ট্যাটু করেছিলেন। এজন্য পাঁচজন শিল্পী একসঙ্গে কাজ করেছিলেন টানা ২৪ ঘণ্টা।
প্রথম এই রেকর্ডটি করেছিলেন রিক জেনেস্ট নামের কানাডার এক ব্যক্তি। ২০১১ সালের ২৭ এপ্রিল রিকো ১৭৬টি কীটপতঙ্গের ট্যাটু দিয়ে রেকর্ড করেন।
সবার চেয়ে প্রায় দ্বিগুণ ট্যাটু করে এবার রেকর্ড গড়েন মাইকেল। মাইকেল গিনেস বুক থেকে আয় করা অর্থ ব্যয় করতে চান শিশুদের জন্য।