বিশ্বের সবচেয়ে লম্বা দম্পতি সান মিং-জু ইয়ান
সবচেয়ে লম্বা পুরুষ এবং সবচেয়ে লম্বা নারীর গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের কথা আমরা শুনেছি। তবে এবার গিনেস রেকর্ডে জায়গা পেল বিশ্বের সবচেয়ে লম্বা দম্পতির রেকর্ড। নাম তাদের সান মিং ও জু ইয়ান। তারা ২০১৬ সালে একত্রে বিশ্বের সবচেয়ে লম্বা দম্পতির রেকর্ডটি করেন। এখন পর্যন্ত গিনেসের সবচেয়ে লম্বা দম্পতির রেকর্ড তাদের দখলেই। ঐ দম্পতি সোশ্যাল মিডিয়ায় ফের ভাইরাল হয়েছেন।
সম্প্রতি গিনেস ওয়ার্ল্ড রেকর্ড কর্তৃপক্ষ ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রামসহ অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোতে সান মিং ও জু ইয়ান দম্পতিকে নিয়ে পুনরায় পোস্ট করার পর, বিশ্বের সবচেয়ে লম্বা স্বামী-স্ত্রী হিসেবে আবারও আলোচনায় উঠেছেন। সান মিং ও জু ইয়ান দম্পতির একত্রে উচ্চতা ১৩ ফিট ১০.৭২ ইঞ্চি (৪২৩.৪৭ সেন্টিমিটার)। এর মধ্যে সানের উচ্চতা ৭৮.৯৮ ইঞ্চি (২৩৪.১৭ সেন্টিমিটার) এবং তার স্ত্রী জু ইয়ানের উচ্চতা ৬১.৭৪ ইঞ্চি (১৮৭.৩ সেন্টিমিটার)।
২০১৩ সালের ৪ আগস্ট চীনের বেইজিংয়ে বিয়ের বন্ধনে আবদ্ধ হোন সান মিং ও জু ইয়ান। দুজনেই নিজ দেশের তারকা খেলোয়ার। সান মিং পেশায় বাস্কেটবল প্লেয়ার এবং জু ইয়ান হ্যান্ডবল প্লেয়ার। ২০০৯ সালে চীনের ন্যাশনাল গেমসে দুজনের পরিচয় হয়। বিয়ের বন্ধনে আবদ্ধ হওয়ার আগে তারা প্রেমের সম্পর্কে ছিলেন।
.png)
নেটিজেনদের মতে, বিশ্বের সবচেয়ে লম্বা এই দম্পতির সবচেয়ে আকর্ষণীয় ব্যাপার হলো তারা চীনের নাগরিক। চীনা নাগরিকরা কম উচ্চতার জন্যই বিশ্বে পরিচিত। সান মিং ও জু ইয়ান দম্পতির মতে, সুখী দম্পতি হওয়ার মূলমন্ত্র হচ্ছে প্রতিদিন একে অপরকে সমর্থন করা। কেউই নিখুঁত নয়, তাই আপনাকে প্রতিদিন একে অপরকে সমর্থন করতে হবে।
এক সাক্ষাৎকারে সান মিং ও জু ইয়ান দম্পতি জানান, আমরা যখন গাড়ি বা প্লেনে করে হোটেল রুমে পৌঁছাই তখন একটু সমস্যা হয়। আসলে দীর্ঘদিন ধরে এমন সমস্যা মোকাবেলা করে এখন অভ্যস্ত হয়ে গেছি।
সর্বকালের সবচেয়ে লম্বা দম্পতির রেকর্ড রয়েছে মার্টিন ভ্যান বুরেন বেটস ও আনা হাইনিং সোয়ান দম্পতির দখলে। মার্টিন ভ্যান বুরেন বেটসের উচ্চতা ছিল ৭ ফুট ৯ ইঞ্চি (২৩৬.২২ সেন্টিমিটার) এবং তার স্ত্রী আনা হাইনিং সোয়ানের উচ্চতা ছিল ৭ ফুট ১১ ইঞ্চি (২৪১.৩ সেন্টিমিটার)। এই দম্পতির যৌথ উচ্চতা ১৫ ফুট ৮ ইঞ্চি (৪৭৭.৫২ সেন্টিমিটার সেমি)। এ কারণে তারা সর্বকালের সবচেয়ে লম্বা দম্পতি হিসেবে খ্যাত।
১৮৭১ সালের ১৭ জুন এই দম্পতি বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছিলেন। মার্টিন ভ্যান বুরেন বেটস ১৮৩৭ সালে যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণ করেছিলেন এবং মৃত্যুবরণ করেন ১৯১৯ সালে। আনা হাইনিং সোয়ান ১৮৪৬ সালে কানাডায় জন্মগ্রহণ করেছিলেন এবং ১৮৮৮ সালে মৃত্যুবরণ করেন।