ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ ফিচার ]

নদীর ইলিশ বনাম সাগরের ইলিশ

ফিচার ডেস্ক
প্রকাশিত: ১১:০৩, ১৭ আগস্ট ২০২২
নদীর ইলিশ বনাম সাগরের ইলিশ
ফাইল ছবি

জাতীয় মাছ ইলিশ। বাংলাদেশের ভৌগোলিক নির্দেশক বা জিআই পণ্য হিসেবে ২০১৭ সাল থেকে স্বীকৃত। সর্ষে ইলিশ, ইলিশ পোলাও, ইলিশ পাতুরি, ইলিশ ভাজা, ভাপা ইলিশ, স্মোকড ইলিশ, ইলিশের মালাইকারী - এমন নানা পদের খাবার বাংলার ঘরে ঘরে জনপ্রিয়। এতো ভালোবাসার পরেও ইলিশের ভালো-মন্দ নিয়ে ধন্দে থাকেন কম বেশি সবাই। 

জানতে ইচ্ছা করে, কোন ইলিশ ভালো, কোন ইলিশের স্বাদ বেশি, কোন ইলিশ নদীর আর কোনটাই বা সমুদ্রের। সরকারের মৎস্য গবেষণা ইন্সটিটিউটের ইলিশ বিষয়ক প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. আনিসুর রহমান বলছেন, ইলিশ সারা বছর সাগরে থাকে। শুধু ডিম ছাড়ার জন্য নদীতে আসে।

নদীর ইলিশ বনাম সাগরের ইলিশ চেনার উপায় আছে

Advertisement

নদীর ইলিশ বনাম সাগরের ইলিশ চেনার উপায় আছে:

নদীর ইলিশ একটু বেঁটেখাটো আর সাগরের ইলিশ সরু ও লম্বা হয়ে থাকে। সেই সঙ্গে নদীর ইলিশ বিশেষ করে পদ্মা ও মেঘনার ইলিশ একটু বেশি উজ্জ্বল। নদীর ইলিশ চকচকে বেশি হবে। সাগরের ইলিশ তুলনামূলক কম উজ্জ্বল। এছাড়া নদীর ইলিশ বিশেষ করে পদ্মা-মেঘনা অববাহিকার ইলিশ মাছের আকার হবে পটলের মতো অর্থাৎ মাথা আর লেজ সরু আর পেটটা মোটা হতে হবে। বিশেষজ্ঞরা বলেন নদীর ইলিশের স্বাদ বেশি এক্ষেত্রে লেজের একটু উপর থেকেই মাছটা গোল হতে শুরু করবে। বিশেষজ্ঞরা বলেন, নদী আর সাগরের ইলিশ মাছের আসল পার্থক্য বোঝা যাবে খাওয়ার সময়।

নদীর ইলিশ বেঁটে-মোটা কেন হয়? কারণ, সাগর থেকে ইলিশ যখন ডিম ছাড়ার জন্য নদীতে আসে, মানে উজানে আসে তখন নদীর যে প্ল্যাংটন বা ক্ষুদ্রাতিক্ষুদ্র জলজ উদ্ভিদ ও প্রাণী খায় ইলিশ মাছ তার কারণে তার শরীর বেটে ও মোটা হয়।

সাগর থেকে ডিম ছাড়ার জন্য নদীতে আসে ইলিশ

ভোজন রসিকেরা মনে করেন, নদীর ইলিশ আর সাগরের ইলিশের মধ্যে স্বাদে অনেক পার্থক্য আছে। তবে খাদ্য বিষয়ক লেখক ও গবেষক শওকত ওসমান মনে করেন ইলিশের সব ধরণই স্বাদের। ইলিশ মাছ আকারে যত বড় হবে, তত তার স্বাদ বেশি হয়। আকারে বড় ইলিশকে অনেকে পাকা ইলিশ বলে অভিহিত করে থাকেন।

সমুদ্র থেকে ইলিশ নদীতে ঢোকার পরে নদীর উজানে মানে স্রোতের বিপরীতে যখন চলে, সে সময় এদের শরীরে ফ্যাট বা চর্বি জমা হয়। এই ফ্যাট বা তেলের জন্যই ইলিশের স্বাদ হয়। বর্ষাকালে পাওয়া ইলিশের স্বাদ বেশি হয়। বিশেষ করে বর্ষার মাঝামাঝি যখন, ইলশে গুড়ি বৃষ্টি হয়, সেই সময়ে নদীতে পাওয়া ইলিশের স্বাদ সবচেয়ে বেশি।

ফ্যাট বা তেলের জন্যই ইলিশের স্বাদ হয়

লোনা পানি ও মিঠা পানিতে বসবাসের কারণেও ইলিশের স্বাদে কিছুটা পার্থক্য হয়। আর সেক্ষেত্রে নদীর ইলিশের স্বাদই বেশি হয়। এছাড়া ডিম ছাড়ার আগ পর্যন্ত ইলিশের স্বাদ বেশি থাকে। ডিমওয়ালা ইলিশ মাছের পেটি পাতলা হয়ে যায়, এবং চর্বি কমে যায়। এ কারণে স্বাদ কমে যায়।

সূত্র: বিবিসি

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!