পৃথিবীর পরিবেশকে ভালো রাখার চিন্তা থেকে পালিত হয় বিশ্ব ধরিত্রী দিবস (Earth Day)। বিশ্বজুড়ে আজ শনিবার (২২ এপ্রিল) পালিত হচ্ছে দিবসটি। দিবসটিকে সম্মান জানিয়ে সার্চ জায়ান্ট ‘গুগল’ তার হোম পেজে জলবায়ু পরিবর্তনের ওপর একটি ডুডল শেয়ার করেছে।
১৯৭০ সালের ২২শে এপ্রিল যুক্তরাষ্ট্রের প্রধান শহরগুলোতে রাস্তায় নেমে এসেছিলো প্রায় দু কোটি মানুষ। তারা মানুষের কর্মকাণ্ডের কারণে পরিবেশের যে ক্ষতি হচ্ছে, তার প্রতিবাদ করেছিলো।
.png)
এটিকে স্মরণ ও শ্রদ্ধা জানাতেই জাতিসংঘ দিনটিকে ধরিত্রী দিবস হিসেবে পালন করে আসছে।
জলবায়ু পরিবর্তন বলতে সারা বিশ্বে তাপমাত্রা এবং আবহাওয়ার ধরণে দীর্ঘমেয়াদী পরিবর্তন বোঝায়। কিন্তু, সাম্প্রতিক বছরগুলোতে জলবায়ু পরিবর্তন বিশ্ব জনসংখ্যার জন্য ক্ষতিকর পরিণতির সৃষ্টি করছে। জলবায়ু পরিবর্তনের ফলে বন্যা, খরা ইত্যাদির মতো চরম আবহাওয়ার ঘটনা বৃদ্ধি পেয়েছে। শিল্প কর্মকাণ্ডের জন্য জীবাশ্ম জ্বালানি পোড়ানো মাধ্যমে গ্রিনহাউজ গ্যাস উৎপন্ন হচ্ছে, যা জলবায়ু পরিবর্তনের প্রধান কারণ। যদিও বন কেটে শহরগুলোর জন্য পথ তৈরি করা এবং কৃষি কার্যক্রমও এর জন্য দায়ী।
এদিকে বিভিন্ন দিবস ও স্মরণীয় ঘটনার দিনে বিশেষ ডুডল প্রকাশ করে গুগল। এবারের বিশ্ব ধরিত্রী দিবসেও তার ব্যতিক্রম হয়নি। দিনটির বিশেষ গুগলের ডুডল নজরে পড়েছে সবার।
‘আর্থ ডে’ বা ধরিত্রী দিবস উপলক্ষে প্রতি বছরই বিশেষ ডুডল ভিডিও প্রকাশ করে চমক দেয় সর্ববৃহৎ সার্চ এঞ্জিন গুগল। এবারের ধরিত্রী দিবস উপলক্ষে গুগল প্রকাশ করেছে একটি ডুডল। গুগল ক্রোম ওপেন করলেই দেখা যাচ্ছে বিভিন্ন প্রাণী গাছের যত্ন করছে।
এতে দেখানো হয়েছে কীভাবে আমরা সবাই মিলে জলবায়ু পরিবর্তন রুখে দিতে বড় বা ছোট ছোট উপায়ে কাজ করতে পারি। মানুষকে আরও পরিবেশবান্ধব হতে উৎসাহিত করা হয়েছে ডুডলের মাধ্যমে।
প্রসঙ্গত, ২০২৩ সালের বিশ্ব পৃথিবী দিবস বা ধরিত্রী দিবসের থিম হল ‘ইনভেস্ট ইন আওয়ার প্ল্যানেট’।