চিকিৎসাশাস্ত্রে নোবেল বিজয়ীর নাম ঘোষণার মাধ্যমে এবারের নোবেল পুরস্কার মৌসুমের সূচনা হবে। এদিন স্থানীয় সময় বেলা সাড়ে ১১টায় (বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায়) স্টকহোমে চিকিৎসাশাস্ত্রে নোবেল বিজয়ীর নাম ঘোষণা করা হবে।
নিয়মানুযায়ী এ বছরেও ছয়টি বিভাগে নোবেল পুরস্কার ঘোষণা করা হবে—চিকিৎসা, পদার্থবিদ্যা, রসায়ন, অর্থনীতি, সাহিত্য ও শান্তি। তবে সবচেয়ে বেশি আলোচনায় থাকে শান্তি পুরস্কার।
.png)
আগামী ৬ অক্টোবর নরওয়ের ওসলো থেকে ঘোষণা করা হবে শান্তিতে নোবেল বিজয়ীর নাম। অন্য বিভাগের পুরস্কারগুলো ঘোষণা করা হয় সুইডেন থেকে। বার্তা সংস্থা এএফপি বলছে, এ বছর নোবেল পুরস্কার কার ঘরে উঠবে, তা নিয়ে ইতোমধ্যেই বিশ্লেষকেরা মাথা চুলকাতে শুরু করেছেন। কারণ রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ও আফ্রিকার বেশ কয়েকটি দেশে অভ্যুত্থান বৈশ্বিক পরিস্থিতিকে অন্ধকারের দিকে নিয়ে গেছে।
আগামী মঙ্গলবার পদার্থবিজ্ঞান, বুধবার রসায়ন এবং আগামী বৃহস্পতিবার সাহিত্যের নোবেলজয়ীদের নাম ঘোষণা করা হবে। আর ৯ অক্টোবর অর্থনীতিতে বিজয়ী ঘোষণার মাধ্যমে এবারের নোবেল পুরস্কারের পর্দা নামবে।
প্রতিটি পুরস্কারের মূল্য ১ কোটি সুইডিশ ক্রোনার (প্রায় ৯ লাখ ডলার)। ১৮৯৬ সালের ১০ ডিসেম্বর আলফ্রেড নোবেল মারা যান। প্রত্যেক বছরের নোবেল বিজয়ীদের হাতে আলফ্রেড নোবেলের মারা যাওয়ার দিন (১০ ডিসেম্বর) একটি সনদ ও স্বর্ণপদক তুলে দেওয়া হয়।
অর্থনীতির পুরস্কার মূলত আনুষ্ঠানিকভাবে আলফ্রেড নোবেলের স্মৃতিতে প্রবর্তন করেছে ব্যাংক অব সুইডেন। ১৯৬৮ সালে সুইডেনের কেন্দ্রীয় ব্যাংক এই পুরস্কার চালু করে। ১৯০১ সাল থেকে ২০২২ সাল পর্যন্ত নোবেল এবং অর্থনীতির পুরস্কার দেওয়া হয়েছে ছয় শতাধিক বার।
উল্লেখ্য, সুইডিশ শিল্পপতি, ধনকুবের ও ডায়নামাইট উদ্ভাবক আলফ্রেডের নামে এই পুরস্কারের প্রবর্তন শুরু হয়। আলফ্রেড নোবেলের মৃত্যুর পাঁচ বছর পর ১৯০১ সালে প্রথম নোবেল পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা করা হয়।