ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ স্বাস্থ্যকথা ]

কিডনি রোগের লক্ষণ বুঝবেন কীভাবে

স্বাস্থ্য ও চিকিৎসা ডেস্ক
প্রকাশিত: ১৭:১২, ২৮ জুলাই ২০২৪
কিডনি রোগের লক্ষণ বুঝবেন কীভাবে
অলংকরণ: ডেইলি বাংলাদেশ

বাংলাদেশে ঘণ্টায় পাঁচজনের বেশি মানুষ মারা যান কিডনি বিকল হয়ে আর দুই কোটিরও বেশি মানুষ কোন না কোনোভাবে আক্রান্ত হয়ে আছেন কিডনির রোগে-এমন তথ্যই জানাচ্ছে পরিসংখ্যান। আমাদের অনেকেরই জানা নেই, কিডনি রোগ প্রতিরোধযোগ্য। সাধারণত ৭০ থেকে ৮০ ভাগ কিডনির কর্মক্ষমতা নষ্ট হওয়ার আগে উপসর্গ বোঝা যায় না বলেই প্রতিরোধ করা বেশিরভাগ ক্ষেত্রেই সম্ভব হয় না।

অনেক ক্ষেত্রেই একটি কিডনি বিকল হলেও কাজ চলতে থাকে অন্যটি দিয়ে, ফলে ক্ষতি সম্পর্কে আগে থেকে আঁচ করা মুশকিল। অন্যান্য রোগের মতোই কিডনির অসুখেও খাওয়াদাওয়ায় অনেক রকম বিধিনিষেধ থাকে। পানি খাওয়ার পরিমাণেও লাগাম টানতে হয় কিডনির অসুখ হলে। ফলে কিডনিকে ভুলেও অবহেলা নয়।

জেনে নিন কোন সাধারণ লক্ষণগুলো দেখলে কিডনির অসুখের বিষয়ে সতর্ক হবেন-

Advertisement

১. মূত্রের সমস্যা: বার বার প্রস্রাবের বেগ আসছে মানেই যে ডায়াবিটিস, এমনটা কিন্তু নয়। কিডনির অসুখেরও লক্ষণ হতে পারে এটি। বিশেষত রাতে স্বাভাবিকের তুলনায় বেশি বার মূত্রত্যাগ করতে উঠলে সতর্ক হওয়া প্রয়োজন। মূত্রের সঙ্গে রক্তপাত বা মূত্রে অতিরিক্ত ফেনা হওয়াও কিডনি বিগড়ানোর উপসর্গ।

২. ত্বকের সমস্যা: শরীরের লবণ ও প্রয়োজনীয় খনিজ পদার্থের ভারসাম্য রক্ষা করা কিডনির কাজ। ত্বকের উজ্জ্বলতা বজায় রাখতে ও হাড়ের স্বাস্থ্যরক্ষায় এই উপাদানগুলির বড় ভূমিকা থাকে। কিডনি বিকল হতে শুরু করলে শুষ্ক খসখসে ত্বক, ত্বকের ঘা, চুলকানি ও হাড়ের সমস্যা দেখা দিতে পারে।

৩. অনিদ্রা: রাতের পর রাত জেগেই কাটাচ্ছেন? কিডনি ঠিকঠাক না কাজ করলে মূত্রের মাধ্যমে অপ্রয়োজনীয় বর্জ্য পদার্থগুলি দেহের বাইরে বেরোতে পারে না। এটি অনিদ্রার অন্যতম কারণ। বিশেষজ্ঞরা বলছেন, কিডনির সমস্যায় আক্রান্ত মানুষদের ঘুম না আসার সমস্যা সুস্থ মানুষদের তুলনায় অনেক বেশি।

৪. ক্লান্তিভাব: কিছুতেই ঘুম থেকে উঠতে ইচ্ছে করছে না, কাজ করার নামেই গায়ে জ্বর আসছে— এই সব উপসর্গকে অবহেলা করবেন না। কাজকর্মের উদ্যম হারিয়ে ফেলা, বৃক্কের সমস্যার অন্যতম প্রধান লক্ষণ। বৃক্কের মূল কাজই হল রক্তকে পরিশুদ্ধ করা। কাজেই কিডনি সঠিক ভাবে কাজ না করলে রক্তে বিষাক্ত উপাদানগুলি বৃদ্ধি পেতে থাকে। ফলে শরীরে ক্লান্তি ভাব আসে।

৫. পা ফুলে যাওয়া: কিডনির সমস্যায় রক্তে সোডিয়ামের ভারসাম্য বিঘ্নিত হয়। এর ফলে পায়ের পাতা, গোড়ালি ফুলে যায়। বার বার প্রস্রাবের কার‌ণে শরীরে পানির ঘাটতি হয়, তাই হাঁটতে গেলে পেশিতেও মাঝেমধ্যেই টান পড়ে।

ডেইলি-বাংলাদেশ/এনকে
লিংক সফলভাবে কপি হয়েছে!