তথ্য চুরির অভিযোগ ইলন মাস্কের, জবাব দিলো হোয়াটসঅ্যাপ প্রধান
ব্যক্তিগত বা প্রয়োজনীয় যোগাযোগের ক্ষেত্রে বিশ্বের কয়েক কোটি মানুষ নিয়মিত হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন। তবে সম্প্রতি হোয়াটসঅ্যাপ প্রতি রাতে ব্যবহারকারীদের তথ্য চুরি করছে বলে দাবি করছেন, মাইক্রোব্লগিং সাইট এক্সের (সাবেক টুইটার) মালিক ইলন মাস্ক।
ইলন মাস্কের এমন বিস্ফোরক মন্তব্যের পর পাল্টা জবাব দিয়েছেন হোয়াটসঅ্যাপের প্রধান উইল ক্যাথকার্ট। এক্সে দেওয়া এক বার্তায় তিনি সরাসরি ইলন মাস্কের অভিযোগ নাকচ করে দিয়ে বলেন, ‘এটি একেবারেই সত্যি নয়।’
অন্যদিকে এক্স বার্তায় ইলন লেখেন, প্রতি রাতে ব্যবহারকারীদের তথ্য সংগ্রহ করে হোয়াটসঅ্যাপ। তবুও অনেকেই এ প্ল্যাটফর্মকে সুরক্ষিত মনে করেন।
.png)
উইল ক্যাথকার্ট এক্স পোস্টে লিখেছেন, ‘এর আগে এটি অনেকে বলেছেন, কিন্তু আবারও বলছি, এটি সত্য নয়। আমরা নিরাপত্তার বিষয়কে খুবই গুরুত্ব দিই। এ জন্য আপনাদের (ব্যবহারকারীদের) বার্তাকে আমরা এন্ড টু এন্ড এনক্রিপটেড” করেছি। প্রতি রাতে আমরা ব্যবহারকারীর তথ্য অন্য কোথাও পাঠাই না। কেউ তার বার্তার ব্যাকআপ রাখতে চাইলে নিজের পছন্দের ক্লাউড সরবরাহকারী প্রতিষ্ঠানের সেবা নিতে পারেন। এখানেও এন্ড টু এন্ড এনক্রিপশন–ব্যবস্থা রয়েছে।’
মেটার কৃত্রিম বুদ্ধিমত্তা বিভাগের প্রধান ইয়ান লেচুন ইলন মাস্কের অভিযোগ নিয়ে মতামত দিয়েছেন। মেটার প্ল্যাটফর্ম থ্রেডসে তিনি ইলন মাস্কের বিরুদ্ধে বিতর্ক তৈরির অভিযোগ তুলেছেন। শুধু তা–ই নয়, মেটার এই কর্মকর্তা আরো লেখেন, কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে ইলন মাস্ক অবাস্তব দাবি করেন।