শিশুদের মহাকাশ স্বপ্ন নিয়ে অনুষ্ঠিত হলো ‘অ্যাস্ট্রোনটস মিট-আপ’
মহাকাশ বিজ্ঞান, সৃজনশীলতা ও ভবিষ্যতের মহাকাশ অভিযানের প্রতি শিশু-কিশোরদের আগ্রহ বাড়াতে ঢাকার বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজিতে (বিইউবিটি) অনুষ্ঠিত হয়েছে ‘ন্যাশনাল ফিউচার অ্যাস্ট্রোনটস মিট-আপ ২০২৬’। ৩ অক্টোবর দিনব্যাপী এ আয়োজন যৌথভাবে করে স্পেস ইনোভেশন ক্যাম্প ও বিইউবিটি।
দেশের বিভিন্ন স্কুলের ৪ থেকে ১৪ বছর বয়সী ৫০ জন শিশু-কিশোর এতে অংশ নেয়। আয়োজনের অন্যতম আকর্ষণ ছিল মহাকাশভিত্তিক গল্প বলা প্রতিযোগিতা। দুই ধাপের এ প্রতিযোগিতায় অংশগ্রহণকারীরা মহাকাশ নিয়ে নিজেদের স্বপ্ন, কল্পনা ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে। বয়স অনুযায়ী ৬–৮, ৯–১১ এবং ১২–১৪ বছর—তিনটি দলে ভাগ হয়ে প্রতিযোগিতায় অংশ নেয় তারা। পরে প্রতিটি দল থেকে পাঁচজন করে মোট ১৫ জনকে বিজয়ী ঘোষণা করা হয়।
শুধু প্রতিযোগিতা নয়, শিশুদের জন্য আয়োজন করা হয় মহাকাশ রোবটিকস ও রকেট তৈরির কর্মশালা, মহাকাশভিত্তিক চিত্রাঙ্কন এবং বিভিন্ন হাতে-কলমে বিজ্ঞান কার্যক্রম। ভার্চুয়াল বাস্তবতার মাধ্যমে শিশুদের মহাকাশের অভিজ্ঞতাও দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিইউবিটির উপাচার্য অধ্যাপক ড. এ বি এম শওকত আলী। তিনি বলেন, আজকের শিশুরাই আগামী দিনের বিজ্ঞানী, প্রকৌশলী, উদ্ভাবক ও মহাকাশ গবেষক। শিশুদের শুধু প্রযুক্তির ব্যবহারকারী নয়, নতুন জ্ঞান ও প্রযুক্তির উদ্ভাবক হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্ব দেন তিনি।
বিশেষ অতিথি ছিলেন বিইউবিটির কম্পিউটার বিজ্ঞান ও কৃত্রিম বুদ্ধিমত্তা অনুষদের ডিন ড. মুহাম্মদ আমিনুর রহমান। বিচারকদের পক্ষে বক্তব্য দেন ইউআইটিএসের সহযোগী অধ্যাপক আল ইমতিয়াজ।
সমাপনী অনুষ্ঠানে স্পেস ইনোভেশন ক্যাম্পের প্রেসিডেন্ট আরিফুল হাসান অপু বলেন, শিশুদের কাছে মহাকাশকে শুধু বইয়ের একটি অধ্যায় হিসেবে নয় আমাদের লক্ষ্য প্রশ্ন, কল্পনা, বিজ্ঞান ও উদ্ভাবনের বিষয় হিসেবে তুলে ধরা।
আয়োজনে প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তা সহযোগী হিসেবে ছিল রাইজআপ ল্যাবস এবং অর্থ লেনদেন সহযোগী ছিল সূর্যপে।