ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

১১৭তম জন্মদিনের ঠিক আগে ইউরোপের প্রবীণতম নারীর করোনা জয়

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৬:০৪, ১০ ফেব্রুয়ারি ২০২১
১১৭তম জন্মদিনের ঠিক আগে ইউরোপের প্রবীণতম নারীর করোনা জয়
ছবি: সিস্টার আন্দ্রে

নিজের ১১৭তম জন্মদিনের ঠিক আগ দিয়ে জীবনের অন্যতম বড় সু-সংবাদ পেলেন ইউরোপের সবচেয়ে প্রবীন নারী সিস্টার আন্দ্রে। মহামারি করোনাকে জয় করেছেন তিনি।

সিস্টার আন্দ্রে জন্মেছিলেন ১৯০৪ সালের ১১ ফেব্রুয়ারি। সে হিসাবে বৃহস্পতিবার তার বয়স ১১৭তে দাঁড়াবে।

তার আসল নাম লুসিল র‌্যান্ডন। তিনি এখন আর চোখে দেখেন না। চলাফেরায়ও হুইলচেয়ারের সাহায্যে করেন। তবু আগামীকাল নিজের জন্মদিনের উৎসব পালনের জন্য মুখিয়ে আছেন।

Advertisement

জেরোনটোলজি রিসার্চ গ্রুপের (জিআরজি) ওয়ার্ল্ড সুপারসেনটেনিয়ারিয়ান র‌্যাঙ্কিং লিস্ট অনুসারে ইউরোপের প্রবীণতম এবং বিশ্বের দ্বিতীয় প্রবীণতম জীবিত এই ব্যক্তি তিনি।

লুসিল ১৯৪৪ সালে সন্ন্যাসব্রত গ্রহণের মধ্য দিয়ে নিজের নাম সিস্টার আন্দ্রে হিসেবে গ্রহণ করেন। গত মাসের ১৬ তারিখ তার করোনাভাইরাস শনাক্ত হয়। তবে তার ভেতরে সংক্রমণের কোনো লক্ষণ ছিল না।

স্থানীয় গণমাধ্যমকে তিনি বলেন, ‌‘আমি বুঝতেও পারিনি, এটি আমার ভেতরে ছিল।’

দক্ষিণ ফ্রান্সের টোলনে অবসরযাপনের বাড়িতে তিনি অন্য বাসিন্দাদের কাছ থেকে নিজেকে পৃথক করে রেখেছিলেন। তবে এখন তিনি পুরোপুরি সুস্থ।

সেইন্ট ক্যাথেরিন ল্যাবরে রিটায়ারমেন্ট হোমের মুখপাত্র ডেভিড তাভেলা তাকে 'ভাগ্যবান' হিসেবে উল্লেখ করেছেন।

ডেভিড বলেন, ‘তিনি আমাকে তার স্বাস্থ্য বা অভ্যাস সম্পর্কে কিছু জিজ্ঞাসা করেননি। শুধু জানতে চেয়েছিলেন খাবার এবং ঘুমের সময়সূচীর কোন পরিবর্তন হবে কিনা।’

‘এই রোগ নিয়ে তার ভেতরে কোন ধরণের ভীতি ছিল না। বরং তিনি হোমের অন্য বাসিন্দাদের স্বাস্থ্যগত দিক নিয়ে উদ্বিগ্ন ছিলেন।’

ফরাসি সম্প্রচারক বিএফএমকে দেয়া বক্তব্যেও একই কথা বলেছেন সিস্টার আন্দ্রে, ‘না, আমি ভয় পাইনি কারণ আমি মৃত্যুকে ভয় পাই না।’

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!