চীনে এক কোটি ৩০ লাখ মানুষ লকডাউনে
করোনার সংক্রমণ ঠেকাতে এবার চীনের উত্তরপশ্চিমাঞ্চলীয় প্রদেশ শানশির প্রধান শহর জিয়ানে লকডাউন জারি করেছে দেশটির সরকার। এর ফলে শহরটির ১ কোটি ৩০ লাখ মানুষ কার্যত গৃহবন্দি হয়ে পড়েছেন।
সংবাদমাধ্যম রয়টার্সের খবরে জানা গেছে, বৃহস্পতিবার এক ঘোষণায় এই লকডাউনের আদেশ দেয় চীনের সরকার।
জানা গেছে, এখন পর্যন্ত জিয়ানে ওমিক্রনে আক্রান্ত কোনো রোগী পাওয়া যায়নি, তবে শহরটিতে করোনা সংক্রমণ বাড়ছে। গত ১৭ ডিসেম্বর থেকে এখন পর্যন্ত টানা ছয়দিনে প্রতিদিনই বাড়ছে কোভিডে আক্রান্ত রোগীর সংখ্যা। চীনের জাতীয় স্বাস্থ্যসেবা কর্তৃপক্ষ ন্যাশনাল হেলথ কমিশন জানিয়েছে, গত ছয় দিনে জিয়ানে করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন অন্তত ৬৩ জন।
.png)
নগর কর্তৃপক্ষ ইতোমধ্যে জিয়ানের সব অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করেছে।
২০১৯ সালের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহান শহরে বিশ্বের প্রথম করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়। করোনায় প্রথম মৃত্যুর ঘটনাটিও ঘটেছিল চীনে।
তবে সংক্রমণ দেখা দেওয়ার পর থেকেই করোনার বিষয়ে জিরো টলারেন্স নীতি নিয়েছে চীন। মাত্র একজনের দেহে করোনাভাইরাসের উপস্থিতি শনাক্তের পর বুধবার দেশটির গুয়াংজি প্রদেশের ডংজিং শহরেও লকডাউন জারি করেছে সরকার।
সরকারি তথ্য অনুযায়ী, ২০২০ সালে মহামারি শুরুর পর থেকে এ পর্যন্ত বিশ্বের সবচেয়ে জনবহুল এই দেশটিতে করোনায় আক্রান্ত হয়েছেন মোট ১ লাখ ৬৪৪ জন এবং এ রোগে মারা গেছেন মোট ৪ হাজার ৬৩৬ জন। রয়টার্সের নিজস্ব পর্যবেক্ষণ বলছে, চলতি ২০২১ সালে চীনে অন্তত নয়বার করোনা সংক্রমণের প্রাদুর্ভাব দেখা গেছে।