ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

গুগল-ফেসবুককে ২ হাজার ৩৭ কোটি টাকা জরিমানা করল ফ্রান্স

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৬:৩৫, ১০ জানুয়ারি ২০২২
গুগল-ফেসবুককে ২ হাজার ৩৭ কোটি টাকা জরিমানা করল ফ্রান্স
ছবি: সংগৃহীত

গোপনীয়তায় আঘাত হানার দায়ে মার্কিন প্রযুক্তি জায়ান্ট গুগল ও সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুককে বিশাল অঙ্কের জরিমানা করেছে ফ্রান্স।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, সব মিলিয়ে গুগল ও ফেসবুককে ২১০ মিলিয়ন ইউরো (বাংলাদেশি মুদ্রায় ২ হাজার ৩৭ কোটি ৫৩ লাখ ৪০ হাজার টাকা) জরিমানা করেছে ফ্রান্সের বাজার পর্যবেক্ষক সংস্থা।

দেশটির ডেটা গোপনীয়তা পর্যবেক্ষক সিএনআইএল’র অভিযোগ, তারা ব্যবহারকারীদের জন্য কুকি প্রত্যাখানের প্রক্রিয়া বেশি জটিল করেছে। কুকি ব্যবহারের ক্ষেত্রে ব্যবহারকারীর অনুমতি নেয়ার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে ইউরোপিয়ান ইউনিয়ন (ইউ)-এর ডেটা গোপনীয়তা নীতিমালায়। সিএনআইএল’র কাছেও গুরুত্ব পাচ্ছে বিষয়টি।

Advertisement

আরো পড়ুন>> এবার শনাক্ত হল ডেল্টা-ওমিক্রনের মিশ্রণ ‘ডেল্টাক্রন’

মূলত ইন্টারনেট ব্যবহারকারীদের নানা তথ্যের ওপর নজর রাখতেই ব্যবহার করা হয় এসব কুকিস।

এদিকে এই পরিস্থিতির ফলে পুরো ইউরোপে ব্যাপক চাপের মুখে পড়েছে ফেসবুক, গুগল ছাড়াও অ্যাপল এবং আমাজনের মতো প্রতিষ্ঠান। সোশ্যাল-মিডিয়া প্রতিষ্ঠানগুলোকে নিয়ম মেনে চলার জন্য তিন মাস সময় দেওয়া হয়েছে। বিলম্বের জন্য দৈনিক এক লাখ ইউরো জরিমানা গুনতে হবে।

সিএনআইএল’র ডেটা নিরাপত্তার প্রধান কারিন কাইফার বলেন, আপনি যখন কুকি গ্রহণ করবেন, সেটা এক ক্লিকেই হয়ে যায়। প্রত্যাখ্যানের বিষয়টিও এক ক্লিকে হওয়া উচিত।  কিন্তু ফ্রান্সে ফেসবুক, গুগল ও ইউটিউব ব্যবহারকারীদের কুকিস ব্যবহার এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ রাখা হয়নি। সে কারণে ব্যবহারকারীদের তথ্য পেয়ে যাচ্ছে প্রতিষ্ঠানগুলো। আর তাতে করে চরম ঝুঁকিতে পড়ছে ব্যবহারকারীরা।

আরো পড়ুন>> গোঁফ ছাঁটতে অস্বীকৃতি জানানোয় বরখাস্ত হলেন কনস্টেবল

এদিকে চাপে পড়ে কুকিস ব্যবহারের অভ্যাস পাল্টানোর ইঙ্গিত এরই মধ্যে দিয়েছে গুগল। এক বিবৃতিতে গুগল জানিয়েছে, ইন্টারনেট ব্যবহারকারীদের চাওয়া-পাওয়া অনুযায়ী তারা নতুন পরিবর্তনগুলো বাস্তবায়ন করবে।

প্রসঙ্গত, কুকি হলো ছোট ছোট ডেটা প্যাকেট, যা ওয়েব ব্রাউজারে ডেটা সংরক্ষণ করতে দেয় এবং ব্যবহারকারীদের ‘টার্গেটেড অ্যাড’ দেখানোর জন্য তথ্য সরবরাহ করে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!