চীনে জন্মহারের সর্বনিম্ন রেকর্ড
চীনের মূলভূখণ্ডের জন্মহার গত বছর রেকর্ড হ্রাস পেয়ে প্রতি হাজারে ৭ দশমিক ৫২ জন হয়েছে। সোমবার ন্যাশনাল ব্যুরো অব স্ট্যাটিসটিকস এ বিষয়ে নতুন একটি প্রতিবেদন প্রকাশ করেছে।
সংবাদমাধ্যম আল জাজিরার খবরে জানা গেছে, ১৯৪৯ সালে দেশটির স্টাটিস্টিকস ব্যুরো তথ্য সংগ্রহ করা শুরু করার পর থেকে এই জন্মহার সর্বনিম্ন।
২০২১ সালে চীনে স্বাভাবিক জনসংখ্যা বৃদ্ধির হার ছিল মাত্র ০.০৩৪ শতাংশ; তথ্য অনুযায়ী যা ১৯৬০ সালের পর থেকে সবচেয়ে কম।
.png)
আরো পড়ুন: টেক্সাসে সিনাগগে হামলাকারী ব্রিটিশ নিহত, যুক্তরাজ্যে আটক ২
প্রাপ্ত তথ্যে দেখা গেছে, ২০২১ সালে দেশটিতে এক কোটি ৬ লাখ ২০ হাজার শিশুর জন্ম হয়েছে, এর আগের বছর ২০২০ এ সংখ্যাটি এক কোটি ২০ লাখ ছিল। ২০২০ এ প্রতি হাজারে জন্মহার ছিল ৮ দশমিক ৫২।
জনসংখ্যায় বৃদ্ধদের অংশ দ্রুত বাড়তে শুরু করায় অর্থনৈতিক ঝুঁকি এড়াতে চীন ২০১৬ সালে কয়েক দশকের পুরনো এক সন্তান নীতি থেকে সরে দুই সন্তান নীতি চালু করে। কিন্তু শহুরে জীবনযাপনের উচ্চ খরচের কারণে দম্পতিরা আরও সন্তান নেওয়া থেকে বিরত থাকে।
ধারাবাহিকভাবে জন্মহার কমতে থাকায় গত বছর বেইজিং দম্পতিদের সর্বোচ্চ তিন সন্তান নেওয়ার অনুমতি দেওয়া শুরু করে।