ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

ট্রাফিক সিগন্যালের ২৩০ ব্যাটারি চুরি, পুলিশের জালে যেভাবে ধরা দম্পতি

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০১:১১, ২৩ ফেব্রুয়ারি ২০২২
ট্রাফিক সিগন্যালের ২৩০ ব্যাটারি চুরি, পুলিশের জালে যেভাবে ধরা দম্পতি
ছবি: সংগৃহীত

ভারতের বেঙ্গালুরুতে ট্রাফিক সিগন্যালের ব্যাটারি চুরির ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে এক দম্পতিকে।

দেশটির পুলিশ সূত্রের খবরে জানা গেছে, ২০২১ জুন থেকে ২০২২ জানুয়ারির মধ্যে ওই দম্পতি ২৩০টি ব্যাটারি চুরি করেছেন। এক একটি ব্যাটারির ওজন ১৮ কেজি। প্রতি কেজি ৭৫ টাকায় বিক্রি করতেন ওই দম্পতি। এভাবে বেঙ্গালুরু শহরের ৬৮টি ট্রাফিক জংশনের সিগন্যালের ব্যাটারি চুরি করেছেন তারা।

গ্রেফতারকৃতরা হলেন, এস সিকন্দর এবং তার স্ত্রী নাজমা সিকন্দর। তাদের দুই সন্তান রয়েছে। সিকন্দর পোশাক বিক্রি করেন, আর নাজমা একটি বেসরকারি সংস্থায় দর্জির কাজ করেন। লকডাউনের আগে চায়ের দোকান ছিল সিকন্দরের। কিন্তু লকডাউনের সময় পুলিশ সেটি জোর করে বন্ধ করে দেয়। তার পর থেকেই পুলিশের ওপর রাগ ছিল তার।

Advertisement

আরো পড়ুন: রাশিয়ার পাঁচ ব্যাংক ও তিন ব্যক্তির ওপর নিষেধাজ্ঞা দিল যুক্তরাজ্য

কীভাবে চুরি করতেন, পুলিশকে তা জানিয়েছেন সিকন্দর। এক দিন সিকন্দর এবং তার স্ত্রী স্কুটারে করে যাচ্ছিলেন। ট্রাফিক সিগন্যালে দাঁড়িয়ে থাকার সময় তাদের চোখ পড়ে সিগন্যালের ব্যাটারি-বাক্স খোলা। দ্রুত সেই বাক্স থেকে ব্যাটারি খুলে নিয়ে পালিয়ে যান তারা। পর দিন চোরাই বাজারে সেই ব্যাটারি বিক্রি করে চার হাজার টাকা পেয়েছিলেন।

মূলত রাতের দিকে চলত তাদের এই ব্যাটারি-অভিযান। রাতে দু’জনেই গাড়ি নিয়ে বেরিয়ে পড়তেন। সিসিটিভি ক্যামেরায় যাতে তাদের গাড়ির নম্বরপ্লেট ধরা না পড়ে, তাই আগে থেকেই টেল ল্যাম্পের তার কেটে রেখেছিলেন। সিগন্যালের খানিক দূর থেকে হেডলাইটও বন্ধ করে দিতেন। তার পর দ্রুত কাজ সেরে পালাতেন।

প্রায় দিনই শহরের কোনো না কোনো ট্রাফিক সিগন্যাল খারাপের খবর আসছিল পুলিশের কাছে। সিগন্যাল কেন দু’দিন অন্তরই খারাপ হয়ে যাচ্ছে তা নিয়ে তদন্তে নামতেই দেখা যায়, সিগন্যালের ব্যাটারি উধাও হয়ে যাচ্ছে। এর পরই বিষয়টিতে নজর রাখতে শুরু করে পুলিশ। সমস্ত ট্রাফিক সিগন্যালের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে তারা। চার হাজার স্কুটারের তথ্য পরীক্ষা করা হয়। সাড়ে তিন শ’ জন স্কুটারের মালিককে জিজ্ঞাসাবাদ করেন তদন্তকারীরা। সেই সময়ই পুলিশের জালে পড়েন সিকন্দর এবং নাজমা।

সূত্র: আনন্দবাজার পত্রিকা

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
ট্যাগ: চুরি পুলিশ
লিংক সফলভাবে কপি হয়েছে!