ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

রাশিয়ার ৫০ সেনা হত্যা, ৬ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি ইউক্রেনের

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৬:২২, ২৪ ফেব্রুয়ারি ২০২২
রাশিয়ার ৫০ সেনা হত্যা, ৬ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি ইউক্রেনের
ছবি: সংগৃহীত

মস্কো সমর্থিত বিদ্রোহী অঞ্চলে প্রায় ৫০ জন রুশ সেনা হত্যা এবং রাশিয়ার আরো একটি যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছে ইউক্রেন। বৃহস্পতিবার ইউক্রেনের আর্মি জেনারেল স্টাফের বরাত দিয়ে সংবাদমাধ্যম এএফপি এ কথা জানিয়েছে। তবে এ তথ্য যাচাই করা যায়নি বলে জানিয়েছে সংস্থাটি।

ইউক্রেনের আর্মি জেনারেল স্টাফ টুইটারে বলেছে, ‘শচস্তিয়া নিয়ন্ত্রণে রয়েছে। ৫০ দখলদার সেনা নিহত হয়েছে। ক্রামাতোরস্কে আরো একটি রুশ যুদ্ধবিমান ভূপাতিত হয়েছে। এটি ষষ্ঠ যুদ্ধবিমান। এর আগে রাশিয়ার পাঁচটি যুদ্ধবিমান ও একটি হেলিকপ্টার ভূপাতিত করার দাবি করেছিল ইউক্রেনের সশস্ত্র বাহিনী।

তবে রাশিয়ার সেনাবাহিনী এই দাবি নাকচ করে দিয়েছে বলে রাষ্ট্রীয় সংবাদমাধ্যম তাস জানিয়েছে। এর আগে বৃহস্পতিবার ভোরে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের ডনবাস অঞ্চলে ‘সামরিক অভিযান’ পরিচালনার ঘোষণা দেন।

Advertisement

এরপর ইউক্রেনের রাজধানী কিয়েভসহ খারকিভ, ক্রামাতোরস্কসহ বিভিন্ন শহরে একের পর এক ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। তিন দিক থেকে ইউক্রেনে ঢুকে পড়ে রুশ বাহিনী।

আরো পড়ুন: আজভ সাগরে জাহাজ চলাচল বন্ধ করল রাশিয়া

কিয়েভে বিমানবন্দর, সামরিক সদর দফতর ও সামরিক কমান্ড দফতর লক্ষ্য করে ‘ক্রুজ মিসাইল’ হামলা চালানো হয়েছিল বলে ইউক্রেনের কর্মকর্তারা জানিয়েছেন।

ইউক্রেনের দুটি উপকূলীয় শহর ওডেসা ও মারিয়োপল-এ রুশ সেনারা অবতরণ করেছেন বলে ইন্টারফ্যাক্স ইউক্রেন জানিয়েছে।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, তারা ইউক্রেনের সেনা স্থাপনা, বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ও বিমান বাহিনীর ওপর ‘হাই প্রেসিশন ওয়েপন বা সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত করতে সক্ষম অস্ত্র’ দিয়ে হামলা চালিয়েছে।

ইউক্রেনের কর্মকর্তাদের বরাত দিয়ে বিবিসি জানায়, ওডেসার বাইরে পোডিলস্ক শহরের একটি সেনা ঘাঁটিতে রাশিয়া বিমান হামলা চালালে ছয়জন মারা যান এবং সাতজন আহত হয়েছেন। এখন পর্যন্ত নিখোঁজ রয়েছেন ১৯ জন। এছাড়া মারিয়োপল শহরে একজনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সূত্র: রয়টার্স, এনডিটিভি, এএফপি

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
ট্যাগ: ইউক্রেন
লিংক সফলভাবে কপি হয়েছে!