ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

মারিউপোল দখলের দাবি রাশিয়ার, ইউক্রেনের সেনাদের আল্টিমেটাম মস্কোর

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৯:৫৩, ১৭ এপ্রিল ২০২২
মারিউপোল দখলের দাবি রাশিয়ার, ইউক্রেনের সেনাদের আল্টিমেটাম মস্কোর
ছবি: সংগৃহীত

ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় বন্দরনগরী মারিউপোল পুরোপুরি দখলে নেয়ার দাবি করেছে রাশিয়া। তবে শহরের একটি ইস্পাত কারখানার ভেতরে ইউক্রেনের সেনাদের একটি ছোট দল থাকায় তাদের জীবন রক্ষার প্রতিশ্রুতিতে আত্মসমর্পণের আল্টিমেটাম দিয়েছে মস্কো।

রোববার বার্তা সংস্থা রয়টার্স ও সংবাদমাধ্যম আলজাজিরার পৃথক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

কাতারভিত্তিক আলজাজিরা সংবাদমাধ্যমটি বলছে, মারিউপোল শহর ‘পুরোপুরি’ দখলে নেয়ার বিষয়ে রাশিয়ার করা দাবি স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। তবে আসলেই শহরটি মস্কোর দখলে চলে গেলে তা হবে গত ২৪ ফেব্রুয়ারি আক্রমণ শুরুর পর রুশ সামরিক বাহিনীর হাতে পতন হওয়া ইউক্রেনের প্রথম বড় কোনো শহর।

Advertisement

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র মেজর জেনারেল ইগোর কোনাশেঙ্কোভ বলেছেন, ‘মারিউপোলের পুরো শহুরে এলাকাটি সম্পূর্ণরূপে দখলে নেয়া হয়েছে ... ইউক্রেনীয় সৈন্যদের অবশিষ্ট একটি অংশ বর্তমানে আজভস্টাল ইস্পাত কারখানায় সম্পূর্ণরূপে অবরুদ্ধ অবস্থায় রয়েছে।

ইউক্রেনীয় এই সেনাদের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে ইগোর কোনাশেঙ্কোভ বলেন, আটকে পড়া ইউক্রেনীয় সেনা জীবন বাঁচানোর একমাত্র সুযোগ হলো স্বেচ্ছায় অস্ত্র ফেলে দেওয়া এবং আত্মসমর্পণ করা।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এ মুখপাত্র আরো বলেন, মারিউপোলকে স্বাধীন করার অভিযানে এরই মধ্যেই এক হাজার ৪৬৪ জন ইউক্রেনীয় সেনা আত্মসমর্পণ করেছে।

এদিকে রুশ বার্তা সংস্থা তাস জানায়, মারিউপোলে রুশ বাহিনীর বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়া ইউক্রেনীয় সেনাদের আত্মসমর্পণের সময়সীমা বেঁধে দিয়েছে রাশিয়া। 

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, মস্কোর স্থানীয় সময় রোববার সকাল ৬টা থেকে (বাংলাদেশ সময় সকাল ৯টা) যেসব ইউক্রেনীয় সেনা তাদের অস্ত্রসমর্পণ করবে তাদের জীবন রক্ষা করা হবে।

উল্লেখ্য, চলতি বছরের ২৪ ফেব্রুয়ারি ভোরে ইউক্রেনে হামলা শুরু করে রাশিয়ান সৈন্যরা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের প্রথম দেশ হিসেবে রাশিয়ার সশস্ত্র বাহিনী স্থল, আকাশ ও সমুদ্রপথে ইউক্রেনে এ হামলা শুরু করে। একসঙ্গে তিন দিকের হামলায় ইউক্রেনের বিভিন্ন শহরে ক্ষেপণাস্ত্র ছুড়ে রাশিয়া।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!