ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

সিঙ্গাপুরে মানসিক ভারসাম্যহীন আসামির মৃত্যুদণ্ড কার্যকর

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৬:৫৮, ২৭ এপ্রিল ২০২২
সিঙ্গাপুরে মানসিক ভারসাম্যহীন আসামির মৃত্যুদণ্ড কার্যকর
ছবি: নাগেনথারান ধর্মলিঙ্গম

মাদক পাচারের অভিযোগে ভারতীয় বংশোদ্ভূত এক মালয়েশিয় নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করেছে সিঙ্গাপুর।

বুধবার (২৭ এপ্রিল) তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। অবশ্য মৃত্যুদণ্ড কার্যকরের আগে আসামির বুদ্ধিবৃত্তিক অক্ষমতা রয়েছে জানিয়ে ক্ষমার জন্য আবেদন করে তার পরিবার। তবে পরিবারের ওই আবেদন সত্ত্বেও রায় কার্যকরের এই বিষয়টি আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ করেছে।

মৃত্যুদণ্ড কার্যকর করা ওই ব্যক্তির নাম নাগেনথারান ধর্মলিঙ্গম। ৩৪ বছর বয়সী ওই ব্যক্তির বিরুদ্ধে মাদক পাচার করার দায়ে মৃত্যুদণ্ডের আদেশ দেয় আদালত।

Advertisement

সংবাদমাধ্যম বিবিসি বলছে, মাদক ও মাদক পাচার নিয়ে সিঙ্গাপুরে বিশ্বের সবচেয়ে কঠিন আইন রয়েছে। আর নাগেনথারান ধর্মলিঙ্গম সিঙ্গাপুরে ৪৪ গ্রাম  (১ দশমিক ৫ আউন্স) হেরোইন পাচারের জন্য এক দশকেরও বেশি সময় ধরে মৃত্যুদণ্ডে দণ্ডিত ছিলেন। আইনজীবীরা তার ফাঁসির বিরুদ্ধে একাধিক আপিল করে বলেন, নাগেনথারান বুদ্ধি প্রতিবন্ধী।

নাগেনথারানের ভাই ২২ বছর বয়সী নবীন কুমার টেলিফোনে রয়টার্স’কে জানান, তার ভাইয়ের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। তিনি আরও জানান, মরদেহ মালয়েশিয়ায় ফেরত পাঠানো হবে এবং দেশটির ইপোহ শহরে একটি অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠিত হবে। এর আগে মঙ্গলবার সিঙ্গাপুরের একটি আদালত নাগেনথারানের মায়ের দাখিল করা একটি আইনি চ্যালেঞ্জ খারিজ করে দেয়। আদালতের এই সিদ্ধান্তের ফলে ফাঁসির মাধ্যমে মৃত্যুদণ্ড কার্যকর করার পথ পরিষ্কার হয়।

আরো পড়ুন>> ধুঁকতে থাকা শ্রীলংকাকে ৬০ কোটি ডলার দিচ্ছে বিশ্ব ব্যাংক

মঙ্গলবারের শুনানি শেষে ধর্মলিঙ্গম এবং তার পরিবারের সদস্যরা কাঁচের পর্দার ফাঁক দিয়ে একে-অপরের হাত শক্ত করে ধরেছিলেন। এসময় তাদেরকে কাঁদতে দেখা যায়। একপর্যায়ে কান্নাজড়িত কণ্ঠে নাগেনথারানের ‘মা’ চিৎকার আদালতের চারপাশে শোনা যায়।

অবশ্য এ ধরনের মৃত্যুদণ্ড কার্যকরের বিষয়ে কোনো মন্তব্য করে না সিঙ্গাপুর কর্তৃপক্ষ। এর আগে নাগেনথারান ধর্মলিঙ্গমের মৃত্যুদণ্ড কার্যকরের পরিকল্পনার প্রতিবাদে গত সোমবার সিঙ্গাপুরের একটি পার্কে মোমবাতি হাতে প্রতিবাদ করেছিলেন প্রায় ৩০০ মানুষ। কিন্তু এরপরও শেষপর্যন্ত ভারতীয় বংশোদ্ভূত এই মালয়েশীয় নাগরিকের সাজা কার্যকর করল সিঙ্গাপুর।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!