মারিউপোলে দীর্ঘস্থায়ী যুদ্ধবিরতি প্রয়োজন: জেলেনস্কি
মারিউপোলের আটকাপড়া বাসিন্দাদের সরাতে দীর্ঘস্থায়ী যুদ্ধবিরতি প্রয়োজন বলে মন্তব্য করেছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। বৃহস্পতিবার স্থানীয় সময় ভোরে এক ভিডিও বক্তৃতায় এ কথা বলেন তিনি।
তিনি জানান, পূর্বাঞ্চলীয় বন্দরনগরীটিতে এখনো নারী ও শিশুসহ বেসামরিকরা আটকা পড়ে আছে আর রাশিয়ার আক্রমণ অব্যাহত থাকায় তাদের সরিয়ে আনা নিশ্চিত করতে যুদ্ধবিরতি সময় বেশি হওয়া দরকার।
জেলেনস্কি বলেন, শুধু ওই ভূগর্ভস্থ আশ্রয় ও বেসমেন্টগুলো থেকে লোকজনকে বের করে আনতেই সময় দরকার। বর্তমান পরিস্থিতিতে আবর্জনার স্তূপ সরাতে আমরা ভারী সরঞ্জাম ব্যবহার করতে পারবো না। সব কাজ হাতেহাতেই করতে হবে।
.png)
আরো পড়ুন: মার্কিন সাবমেরিন ব্যয়বহুল, কেনার পরিকল্পনা বাতিল তাইওয়ানের
বেসামরিকদের বের করে আনার সুযোগ দিতে বৃহস্পতিবার দিনের বেলায় ও পরবর্তী আরো দুদিন আজভস্তাইলে সামরিক তৎপরতা বন্ধ রাখার প্রতিশ্রুতি দিয়েছে রাশিয়া। মারিউপোলে অস্ত্রবিরতি নিশ্চিত করতে ইউক্রেনও প্রস্তুত আছে বলে জানিয়েছে জেলেনস্কি।
যুদ্ধের প্রথম কয়েক সপ্তাহে কিইভ দখলে ব্যর্থ হওয়ার পর রাশিয়া ইউক্রেইনে পূর্ব ও দক্ষিণাঞ্চলে আক্রমণ জোরদার করেছে, এখানে আজভ সাগরের তীরবর্তী বন্দরনগরী মারিউপোল তাদের অন্যতম প্রধান লক্ষ্যস্থল।
বেশ কয়েক সপ্তাহ ধরে অবিরাম গোলাবর্ষণ ও অবরুদ্ধ করে রাখার পর ২১ এপ্রিল মারিউপোলের লড়াইয়ে জয় ঘোষণা করে রাশিয়া। কৃষ্ণ সাগরে ইউক্রেনের ঢোকার পথ বন্ধ করতে মস্কোর প্রচেষ্টার অন্যতম চাবি এ বন্দরনগরী, দেশটির গুরুত্বপূর্ণ রপ্তানি পণ্য খাদ্যশস্য ও ধাতু এ বন্দর দিয়েই সরবরাহ করা হয়। আবার ইউক্রেনের দক্ষিণ ও পূর্বাঞ্চলে রাশিয়ার অধিকৃত অঞ্চলগুলোর মধ্যে সংযোগ তৈরির জন্যও শহরটির অবস্থান গুরুত্বপূর্ণ।
চলতি সপ্তাহে জাতিসংঘ ও রেড ক্রস মারিউপোল ও অন্যান্য এলাকা থেকে কয়েকশ মানুষকে সরিয়ে নিয়েছে। কিন্তু এখনো মারিউপোলের আজভস্তাইল ইস্পাত কারখানার ভূগর্ভস্থ বাংকার ও টানেলের গোলকধাঁধায় ইউক্রেনীয় সেনাদের পাশাপাশি প্রায় ২০০ জনের মতো বেসামরিক আটকা পড়ে আছেন বলে দেশটির কর্মকর্তারা জানিয়েছেন।